জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। অল্প সময়ের মধ্যেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। ধারাবাহিক ভালো কাজ, চরিত্র বাছাইয়ে সচেতনতা আর গল্পনির্ভর অভিনয়ের কারণে নির্মাতা ও দর্শক—দুই মহলেই আস্থা তৈরি করতে পেরেছেন এ অভিনেত্রী।

এ অভিনয় দর্শনই তটিনীর কাজের মূল ভিত্তি। নতুন বছর সামনে রেখে নিজের অভিজ্ঞতা, শেখা আর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন তিনি। নতুন বছরকে আরো অর্থবহ ও সৃজনশীল করে তুলতে চান তটিনী।

তিনি বলেন, ‘বিদায়ী বছরটা আমার জন্য ছিল অনেক গুরুত্বপূর্ণ। নিয়মিত কাজ করেছি, আবার নিজের ভুলগুলোও বুঝতে পেরেছি। চেষ্টা করেছি ভিউর হিসাব না করে গল্প আর চরিত্রকে গুরুত্ব দিতে। কিছু কাজ দর্শক পছন্দ করেছেন, আবার কিছু কাজ নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ দিয়েছে।’

অভিনেত্রীর ভাষায়, ‘২০২৫ সালে তোমায় পাব কি, বউয়ের বিয়ে, হৃদয়ের রঙ, কখনও মেঘ কখনও বৃষ্টি, দূর থেকে ভালোবাসিসহ অনেক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছি। প্রতিটি কাজেই চরিত্র ও গল্পকে গুরুত্ব দেয়ার চেষ্টা করেছি। বছরের শেষ দিকে হৃদয়ের গভীরে কাজটিও দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে, যা আমার কাজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়েছে।’

নতুন বছরে কাজের পরিকল্পনা প্রসঙ্গে তটিনী বলেন, ‘২০২৬ সালে আমি আরো সচেতনভাবে কাজ করতে চাই। ভালো গল্প, শক্তিশালী চরিত্র আর নির্মাতার সঙ্গে কাজ করাই আমার মূল লক্ষ্য। এমন চরিত্রে কাজ করতে চাই, যেগুলো আমাকে অভিনেত্রী হিসেবে চ্যালেঞ্জ করবে এবং অভিনয়ের নতুন দিক খুঁজে পেতে সাহায্য করবে।’

শেষে তটিনীর কথায়, ‘ভালো গল্প আর বিশ্বাসযোগ্য চরিত্রে অভিনয় করতে পারলেই আমি তৃপ্ত। দর্শকের ভালোবাসা ও আস্থাই একজন শিল্পীর সবচেয়ে বড় প্রাপ্তি।’