নতুন সিনেমা নিয়ে আসছেন নির্মাতা ফাখরুল আরেফীন খান। সিনেমার নাম ‘নীল জোছনা’। এটি হতে যাচ্ছে ফাখরুল আরেফীন খানের চতুর্থ ফিচার ফিল্ম। সরকারি অনুদানের এ সিনেমা নির্মাণ হয়েছে মোশতাক আহমেদের উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে। সম্প্রতি জানা গেল আরেফীনের এ সিনেমায় অভিনয় করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। তাকে দেখা যাবে সিনেমার প্রধান নারী চরিত্র লায়লার ভূমিকায়। গত বুধবার কলকাতার ডিকালগ ম্যানেজমেন্ট সেন্টারে পাওলির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেন নির্মাতা ফাখরুল আরেফীন খান। সিনেমায় পাওলির বিপরীতে কে থাকছেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে নির্মাতা জানিয়েছেন, পাওলির বিপরীতে দেশের একজন অভিনয়শিল্পীকে তিনি নির্বাচন করবেন। খুব শিগগির তা চূড়ান্ত করে জানাবেন তিনি। 

আবারো বাংলাদেশের সিনেমায় অভিনয় প্রসঙ্গে কলকাতা থেকে মুঠোফোনে পাওলি বলেন, ‘গত বছর নির্মাতা ফাখরুল আরেফীন খান আমার সঙ্গে এ সিনেমা নিয়ে যোগাযোগ করেন। প্রথমে তার কাছ থেকে গল্পটি শুনেছি, যেহেতু তখনো মোশতাক আহমেদের সে বই আমার পড়া ছিল না। পরে যখন বইটি পড়লাম, দারুণ লাগল। বলা যায়, সিনেমাটির সঙ্গে সেদিন থেকেই জড়িয়ে আছি, যার আনুষ্ঠানিকতা গত বুধবার হয়েছে।’ 

সিনেমার গল্পটি ভিন্ন ধরনের। এ নিয়ে অভিনেত্রী বলেন, ‘সত্যি বলতে কী প্যারালাল ইউনিভার্স নিয়ে বাংলায় কাজ হয়নি বললেই চলে। হলিউডে কিছু কাজ হয়েছে। যেগুলোর মধ্যে ক্রিস্টোফার নোলানের ইন্টারস্টেলার, ইনসেপশনের উদাহরণ দেয়া যেতে পারে।’

নির্মাতা বলেন, ‘নীল জোছনা সিনেমার কাজ শুরু করেছিলাম প্রায় ছয় বছর আগে। সেই ২০১৮ সালের শেষের দিকে। প্যারাসাইকোলজি নিয়ে আমার ধারণা এর আগে বাংলাদেশে কোনো কাজ হয়নি। আর সে কারণেই যখন আমি মোশতাক আহমেদের উপন্যাসটি পড়ি, তখনই চিন্তা করি সিনেমা বানানোর। এরপর ২০১৯ সালে করোনা ও আমার ‘‘জেকে ১৯৭১’’ সিনেমার কারণে কাজটি বন্ধ ছিল। এরপর আবারো গত বছরের শুরু থেকে কাজটি শুরু করি।’ 

নতুন সিনেমায় পাওলি দামকে কাস্ট করার প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আমাদের গল্পের অন্যতম নারী চরিত্র লায়লা, যা পাওলি দামের সঙ্গে অনেক বেশি যায়। এ কারণে আমরা তাকে এ চরিত্রের জন্য প্রথমে নির্বাচন করি। এরপর পাওলির সঙ্গে যোগাযোগ হয়, তাকে চিত্রনাট্য পাঠানো হলে তিনিও আমাদের সিনেমায় অভিনয়ের জন্য রাজি হন। আশা করছি, আমরা পাওলিকে নিয়ে কাজটি খুব ভালোভাবে শেষ করতে পারব।’ 

নির্মাতা জানান, নীল জোছনা সিনেমার দৃশ্যধারণ শুরু হবে আগামী মাসের শেষদিকে, একটানা জুলাইয়ের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে।