প্রয়াত ভারতীয় রাজনীতিবিদ জয়ললিতার ভূমিকায় দেখা গেল কঙ্গনা রানাওয়াতের নতুন লুক। প্রতীক্ষিত ছবি থালাইভির সেট থেকে ছবি শেয়ার করেছেন কঙ্গনা। অভিনেত্রী থেকে দক্ষিণ ভারতের প্রভাবশালী রাজনীতিবিদ হয়ে যাওয়া জয়ললিতার জীবন নিয়ে তৈরি হচ্ছে থালাইভি। আর খোদ জয়ললিতার চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানাওয়াত।

এ মাসেই শুরু হয়েছে থালাইভির শুটিং। সেট থেকে একটি ছবি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ‘জয় মার আশীর্বাদে আমরা থালাইভি-দ্য রেভুলেশনারি লিডার ছবির আরেক দফা শুটিং শেষ করেছি। করোনার পরে অনেক কিছু বদলে গেছে কিন্তু অ্যাকশন ও কাটের মধ্যে কিছুই বদলায়নি।’

কঙ্গনার শেয়ার করা ছবি থেকে মনে হয়েছে তারা জয়ললিতার রাজনৈতিক জীবনের কোনো অংশের শুটিং করছেন। সাদা কালো ছবিতে কঙ্গনার পরনে শাড়ি, মাথার চুল টেনে বাঁধা। কঙ্গনা জয়ললিতার একটি সাদা কালো ছবিও শেয়ার করেছেন এটা বোঝাতে যে তার লুক তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় মিলে গেছে।

গত সপ্তাহে থালাইভির সেট থেকে পরিচালক বিজয়ের সঙ্গে আলাপরত অবস্থার কিছু ছবি শেয়ার করেছিলেন কঙ্গনা। থালাইভি ছবির চিত্রনাট্য লিখেছেন বহুবলী ও মণিকর্ণিকার লেখক কেভি বিজয়েন্দ্র প্রসাদ এবং দ্য ডার্টি পিকচার ও ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাইয়ের লেখক রজত অরোরা। থালাইভি এ বছরের জুনে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে সে সময়সূচি আর অনুসরণ করতে পারেননি ছবির সংশ্লিষ্টরা।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস