ছোট
পর্দার পরিচিত মুখ সাবিলা নূর। এরই মাঝে ওয়েব দুনিয়ায়ও অভিনয় করে দর্শকের ভালোবাসা
পেয়েছেন তিনি। গুণী নির্মাতা আশফাক নিপুণের ‘কষ্টনীড়’
ওয়েব ফিল্ম দিয়ে ওটিটি প্লাটফর্মে অভিষেক এ অভিনেত্রীর। সম্প্রতি
ওটিটি নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাবিলা। এরই মাঝে কাজ শেষ করলেন ‘মারকিউলিস’ নামের একটি ওয়েব সিরিজের। সত্য
ঘটনা অবলম্বনে সিরিজটি নির্মাণ করেছেন আবু শাহেদ ইমন।
এ
প্রসঙ্গে সাবিলা বলেন, ‘গত বছর ডিসেম্বরে মারকিউলিসের
শুটিং শুরু করেছি। কিন্তু গত অক্টোবর থেকে এর প্রস্তুতি নিতে হয়েছে আমাকে। সিরিজে
আমার চরিত্রের নাম জয়িতা। একেবারেই ভিন্ন এক লুকে পর্দায় দর্শকরা দেখতে পাবেন
আমাকে। চরিত্রটিকে ফুটিয়ে তুলতে টানা দুই মাস রিহার্সাল করার পর শুটিং করেছি আমি। আমি
একা নই পুরো ইউনিটের সবাই অনেক কষ্ট
করেছেন। দর্শকের ভালো লাগলেই আমাদের এ পরিশ্রম সার্থক হবে। সিরিজটি দেখার জন্য এবং
দর্শক প্রতিক্রিয়ার জন্য আমি নিজেও অধীর অপেক্ষায় আছি।’
প্রতি বছর ভালোবাসা দিবসের নাটকেও দেখা
যায় সাবিলাকে। তবে এ বছরের ভালোবাসা দিবসের কোনো নাটকে দর্শক দেখা পায়নি তার । এ নিয়ে
জানতে চাইলে সাবিলা বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই ভালোবাসা
দিবসের নাটক করেছি, তবে এবারে সেটা হলো না। আমার প্রথম
ওয়েব সিরিজ মারকিউলিস। নিজ থেকেই তাই চাচ্ছিলাম বড় পরিসরের এ কাজে যেন কোনো কমতি না থাকে। তাই সব মনোযোগ ছিল
মারকিউলিসকে ঘিরে। তবে প্রতি বছর ভালোবাসা দিবসের নাটক দেখার পর দর্শক যে ভালোবাসা
জানাত, সেটি খুব মিস করেছি। আশা করছি ঈদে সেটা পুষিয়ে
নিতে পারব।’
এ ওয়েব
সিরিজে আরো
অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রওনক
হাসান, আফিয়া তাবাসসুম বর্ণসহ অনেকে।
সাবিলা নূর মিডিয়ায় ক্যারিয়ার শুরু করেন মডেলিংয়ের মধ্য দিয়ে। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করেন। সাবিলার প্রথম অভিনীত নাটক ইউ টার্ন। এ অভিনেত্রী জানালেন এরই মাঝে ঈদের জন্য কয়েকটি নাটকের কাজ শেষ করেছেন সাবিলা। এখন কিছুদিনের বিশ্রামে আছেন।










