ব্ল্যাক প্যান্থার খ্যাত তারকা চ্যাডউইক বোজম্যান এ বছরের আগস্টে প্রয়াত হন। সারা বিশ্বে তার ভক্তরা মাত্র ৪৩ বছর বয়সে এ সুপারহিরোর মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়েছেন।
বোজম্যানের মৃত্যুর পর থেকেই অনেকেই আশঙ্কা করছিলেন ব্ল্যাক প্যান্থার টু ছবিতে হয়তো এ তারকার ডিজিটালি রেপ্লিকেটেড কোনো সংস্করণ ব্যবহার করা হবে।
ভক্তরা যতই তাকে মিস করুন না কেন বোজম্যানের সিজিআই সংস্করণ নিয়ে তারা প্রায় সবাই আপত্তি জানিয়েছেন। তাদের মতে, একসময়ের এ প্রিয় তারকাকে এভাবে পর্দায় দেখাটা মোটেও ভালো কোনো অনুভূতি বয়ে আনবে না। এ রকম পরিস্থিতিতে ব্ল্যাক প্যান্থার টু-এর নির্মাতারা নিশ্চিত করেছেন যে তারা ছবিতে বোজম্যানের সিজিআই সংস্করণ ব্যবহার করছেন না।
‘না। চ্যাডউইক একজনই। এবং সে আর আমাদের মাঝে নেই। বেদনার সঙ্গে বলতে হয় যে আমাদের রাজা বাস্তব দুনিয়ায় মৃত। কীভাবে গল্পটা (ব্ল্যাক প্যান্থার) এগিয়ে নেয়া যায় আমরা সেটা ভাবছি। অপ্রত্যাশিত এ প্রয়াণকে কীভাবে সম্মান জানানো যায় সেটাও আমরা ভাবছি। চ্যাডউইক কেবল একজন অসাধারণ মানুষ ছিলেন না, তিনি ইতিহাসেও তার পদচিহ্ন রেখে গেছেন’
বলেছেন ব্ল্যাক প্যান্থারের নির্বাহী প্রযোজক ভিক্টোরিয়া আলোনসো।
ব্ল্যাক প্যান্থার টু ২০২২ সালের মে মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আগস্টেই ডিজনি তারিখটি নিশ্চিত করেছিল। তারা জানিয়েছিল ছবির মুক্তির তারিখ তারা আর বদলাবে না। কিন্তু চ্যাডউইক বোজম্যানের মৃত্যুর পর ওয়াকান্ডার গল্প কীভাবে এগোবে সেটা এখনো তারা ঠিক করতে পারেনি।
২৮ আগস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে ৪৩ বছর বয়সে লস অ্যাঞ্জেলেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চ্যাডউইক বোজম্যান। মৃত্যুর বেশ কয়েক বছর আগেই তার শরীরে কোলন ক্যান্সার শনাক্ত হয়েছিল।
সূত্র: ইন্ডিয়া টুডে










