সোমবার সকাল সকাল হূতিক রোশন শুরু করলেন মোটিভেশন দিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিটি দেখে হূতিকের ভক্তরা যেমন খুশি, তেমনি শরীরচর্চা নিয়ে আগ্রহীরাও তাকিয়েছেন প্রশংসার দৃষ্টিতে।

হূতিক তার সৌন্দর্য ও ফিট-পেশিবহুল শরীরের জন্য বলিউডে বাড়তি কদর পান। সোমবার পোস্ট করা ছবিতে তিনি দেখিয়েছেন তার বাইসেপ। পেশিবহুল শরীরের গঠনও টের পাওয়া গেছে। হূতিককে সামনে দেখা যাবে দক্ষিণের সিনেমা বিক্রম বেদার হিন্দি রিমেকে। এছাড়া দীপিকা পাড়ুকোনের সঙ্গে করবেন ফাইটার।

ইনস্টাগ্রামে পোস্ট করা হূতিকের ছবিটি সাদাকালো। একটি জিমনেশিয়ামে ঘাম ঝরানোর সময় তোলা হয়েছে ছবিটি। ভেস্ট পরিহিত হূতিক একটি আয়নার সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন। নিজের বাইসেপ দেখিয়ে ছবির সঙ্গে হূতিক ক্যাপশন লিখেছেন, ‘বলো বলিউড বাইসেপের জয়।’

হূতিক এ ছবি দিতে না দিতেই ভক্তদের কমেন্ট আসতে শুরু করে। বাদ যাননি বলিউডের অন্য তারকারাও। টাইগার শ্রফ লিখেছেন, হূতিকের এমন পেশি দেখে চোখ ফেরানো কঠিন, সঙ্গে দিয়েছেন হূদয় আর আগুনের ইমোজি।

বিক্রম বেদা ছবির রিমেকে হূতিককে দেখা যাবে সাইফ আলী খানের সঙ্গে। অন্যদিকে দীপিকা পাড়ুকোনের সঙ্গে এই প্রথমবারের মতো কাজ করছেন হূতিক। এ জুটির প্রথম ছবি ফাইটার পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

 

সূত্র: পিংকভিলা