ঋত্বিক চক্রবর্তী বরাবরই কলকাতার ভিন্নধারার সিনেমার জনপ্রিয় মুখ। বাংলাদেশেও তার পরিচিতি রয়েছে। আগামী শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) মুক্তি পেতে যাওয়া যৌথ প্রযোজনার ‘মায়ার জঞ্জাল’ সিনেমার অন্যতম মুখ তিনি। এ উপলক্ষে আসছেন ঢাকায়।

ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত এ সিনেমায় ঋত্বিক অভিনয় করেছেন ‘চাঁদু’ চরিত্রে। মধ্যবিত্ত পরিবারের ছেলে চাঁদু নানা সমস্যায় জর্জরিত। প্লাস্টিক কারখানার এই কর্মী এক সময় চাকরিটাই হারিয়ে ফেলে। তবু ছেলেকে সে ইংরেজি মিডিয়ামে পড়ানোর স্বপ্ন দেখে।

সিনেমায় বাংলাদেশের অপি করিমের বিপরীতে দেখা যাবে ঋত্বিককে। আর ‘মায়ার জঞ্জাল’ দিয়ে প্রথমবারের মতো এ অভিনেতার কোনো সিনেমা মুক্তি পাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে।

সিনেমাটির প্রযোজক জসীম আহমেদ জানান, আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকায় পা রাখবেন ঋত্বিক। আগামীকাল বিকেলে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে ‘মায়ার জঞ্জাল’-এর অভিনয়ের অভিজ্ঞতা, সিনেমাটি নিয়ে প্রাপ্তি ও প্রত্যাশার কথা জানাবেন তিনি।

ঢাকায় মাত্র একদিন কাটিয়ে ২১ ফেব্রুয়ারি কলকাতায় ফিরে যাবেন ঋত্বিক। পরদিন সেখানে ‘আরেকটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

দুই বাংলায় একই দিনে সিনেমার মুক্তি নিয়ে উচ্ছ্বসিত ঋত্বিক চক্রবর্তী। তিনি বলেন, আমরা দুই বাংলার দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে দিতে চাই। প্রথমবার সিনেমার প্রচারে ঢাকায় যাচ্ছি। অন্যরকম অনুভূতি হচ্ছে। আশা করছি খুব ভালো সময় কাটবে।

‘মায়ার জঞ্জাল’-এ আরো অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, সোহেল মণ্ডল, ব্রাত্য বসু, পরাণ বন্দ্যোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, কমলিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।