অপেক্ষার অবসান ঘটিয়ে আবারো পর্দায় ফিরছে ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। ‘আইগ্যাস ইউনাইটেড’ নিবেদিত, পাওয়ার্ড বাই ‘পোলার আইসক্রিম’ ও ‘বঙ্গ’ প্রযোজিত এ শোর দ্বিতীয় সিজন শুরু হচ্ছে আজ।
প্রথম সিজনের অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় সিজন হতে চলেছে আরো বেশি রোমাঞ্চকর। গত সিজনে সব প্লাটফর্ম মিলিয়ে ১০০ কোটির বেশি ভিউ ও ৩০ লাখ টাকার বেশি পুরস্কার জয়ের রেকর্ড গড়া এ শো ফিরে আসছে আরো বিশাল পরিসরে। তাহসান খানের জাদুকরী সঞ্চালনা এবং ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় এবারের সিজনে থাকছে আগের চেয়েও আকর্ষণীয় পুরস্কার এবং টানটান উত্তেজনা।
শোটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান বলেন, ‘আমাদের এবারের সিজনটা সত্যিই জমে উঠেছে। অনেক বড় পরিসরের এ আয়োজনে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে পুরো বাংলাদেশের ৬৪ জেলা থেকে। তাই প্রশ্নের উত্তরগুলোও হয়েছে যেমন মজার, তেমনই চমকপ্রদ। প্রতিযোগীদের বেশ ভেবেচিন্তে উত্তর দিতে হয়েছে এবং পরিশেষে এ বিষয়ই প্রতিটি এপিসোডকে আরো প্রাণবন্ত করে তুলেছে।’
আজ থেকে সপ্তাহের প্রতি সোমবার রাত ৯টা ৩০ মিনিটে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ সিজন ২’ সম্প্রচার হবে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভিতে (NTV)। যারা মিস করবেন, তারা শোটির পুনঃপ্রচার দেখতে পারবেন প্রতি বুধবার বেলা ১টায়।
পাশাপাশি দর্শক তাদের সুবিধামতো যেকোনো সময় ও স্থান থেকে শোটি উপভোগ করতে পারবেন বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে সম্পূর্ণ ফ্রিতে।










