গানের নতুন ভাষা নির্মাণ ও তরুণ শিল্পীদের নিয়ে কাজ করার লক্ষ্যে যাত্রা করেছে সং জোন। মহান বিজয় দিবসে একটি ম্যাশআপ কনটেন্টের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক যাত্রা হয়। এবার প্রতি সপ্তাহে একটি করে নতুন গান প্রকাশের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করল এ মিউজিক প্লাটফর্ম। শুধু তা-ই নয়, গানের নতুন নতুন সেশন ও কনসার্ট নিয়েও হাজির হবেন তারা।
যাত্রার শুরুতে কিংবদন্তি শিল্পীদের ট্রিবিউট করে ১০টি গান মুক্তি দেয় সং জোন। বিজয় দিবসে দ্বিজেন্দ্রলাল রায়ের ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ গানটি প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা হয় তাদের। উদ্বোধনী গানটি তারুণ্যের কাছে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে কণ্ঠ দিয়েছেন সভ্যতা, ইননিমা, আকাশ গায়েন, নাঈম মাহমুদ, ডোপামিন রাব্বি, মাস্তানী ফকফকা ও জাহিন রশীদ। দেশাত্মবোধক গানটির সঙ্গে তরুণ প্রজন্মকে এক করতে সংযোজিত লিরিকস লিখেছেন অনুপ আইচ ও মুয়ীয মাহফুজ।
সং জোনের ক্রিয়েটিভ প্রডিউসার অনুপ আইচ বলেন, ‘একাত্তরে বিজয় ছিনিয়ে আনার জন্য গান ছিল শক্তিমান একটি অস্ত্র। বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হয়েছিল একটা পিওর ইউনিটি। ফলে দেশ পেয়েছিল বিজয়। গানের সে শক্তিকেই অনুপ্রেরণা করে আমরা নতুন ও বৈচিত্র্যময় সৃষ্টি নিয়ে হাজির হতে চাই শ্রোতাদের সামনে। আগামী ফেব্রুয়ারিতেই আমরা আমাদের প্রথম সেশন নিয়ে হাজির হচ্ছি।’
সংগীতের এ নতুন প্লাটফর্ম সৃষ্টির উদ্যোগ নেন নির্বাহী প্রযোজক সামি রহমান, নূর জামান রাজা, লোবা আহমেদ ও ক্রিয়েটিভ প্রডিউসার অনুপ আইচ। একই সঙ্গে মিউজিক প্রডিউসার, সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে জাহিন রশীদ ও কো-অর্ডিনেটর হিসেবে আছেন মুয়ীয মাহফুজ। অক্টোবরের মাঝামাঝিতে সোশ্যাল মিডিয়ায় সং জোনের পথচলা শুরু। বাংলা গানের জগতে সং জোন এগিয়ে যেতে চায় বহুদূর।










