বছরজুড়েই নানা বিষয়ে প্রদর্শনী চলে কলাকেন্দ্রে। দেশের গুণী শিল্পীদের ছবি কিংবা শিল্পকর্ম স্থান পায় প্রদর্শনীগুলোয়। সে ধারাবাহিকতায় কলাকেন্দ্রে চলছে শিল্পী সুস্মিতা মুখার্জ্জী মিষ্টির একক শিল্পকর্ম প্রদর্শনী। ‘পাঁচমিশালী’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন হয়েছে ৮ মার্চ।
প্রদর্শনীটিতে শিল্পীর একান্ত ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কিছু বিষয় উঠে এসেছে তার শিল্পকর্মের মাধ্যমে। পুরান ঢাকার পরিবেশ ও সংস্কৃতি উঠে এসেছে তার কাজের মধ্য দিয়ে। প্রদর্শনীতে স্থান পেয়েছে তার ব্যক্তিজীবনের অভিজ্ঞতার বিশাল অংশ। সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত।
শিল্পের বিভিন্ন বিষয় কীভাবে সুস্মিতা মুখার্জ্জী মিষ্টিকে প্রভাবিত করেছে সে বিষয়ে তিনি বলেন, ‘রোজকার জীবনের খুব সাধারণ ঘটনা এবং বস্তু থেকে পাওয়া ভাবনা ও অনুভূতি আমার কাজের প্রাথমিক প্রেরণা। কাজের ভাবনায় প্রাধান্য পেয়েছে ‘‘রঙ’’, রঙের সঙ্গে সম্পর্কিত চিন্তা ও অনুভূতি। এমনকি শিল্পকর্মের অন্যান্য উপাদান ও জীবনের নানা জটিল বিষয়ের সঙ্গে রঙের সম্পর্ক আমাকে ভাবায়। এ ভাবনা থেকে আমার শিল্পকর্ম নির্মাণের প্রস্তুতি শুরু হয় এবং উপকরণ নির্বাচনেও এর একটা ভূমিকা আছে বলে আমার মনে হয়। আর কাজের চিন্তা ও প্রক্রিয়ায় যা প্রাধান্য পায় তা হলো বৈপরীত্য, বৈচিত্র্য ও ভারসাম্য।’
প্রদর্শনী ও নিজের কাজের বৈশিষ্ট্য নিয়ে মিষ্টি বলেন, ‘বুড়িগঙ্গা নদীর পাশে পুরান ঢাকা, যেখানে ছোটবেলা থেকে আমার বড় হওয়া। এখানকার পরিবেশ, মানুষ, তাদের জীবন-যাপনের সঙ্গে জড়িয়ে থাকা বিষয়াদি আমার শিল্পকর্মের ধারণা, উপকরণ ও করণ-কৌশলকে প্রভাবিত করেছে। আমার কাজের একটি সাধারণ বৈশিষ্ট্য হিসেবেও এ বিষয়কে উল্লেখ করা যায়। বৈশিষ্ট্যটি করোনা মহামারীর-পূর্ববর্তী ও পরবর্তী সময়ে করা আমার কাজগুলোর মধ্যে একটি সম্পর্ক তৈরি করেছে।’ প্রদর্শনীতে সেই বিষয়গুলোই ফুটে উঠবে।










