হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল ২০১৯ সালে। ২০১৬ সালে হলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা ব্রাড পিটের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর কমিয়ে দিয়েছিলেন অভিনয় ও পরিচালনা। তবে ভক্তদের জন্য সুখবর নিয়ে আসছেন এ নায়িকা। চলচ্চিত্র ও নির্মাণে ফিরছেন তিনি। বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনের ফটোশুটে অংশ নিয়ে এমনটাই জানালেন হলিউডের অ্যাকশন হিরোইন। ফটোশুটে জোলিকে সাদা স্কার্ট পরে গা ভর্তি মৌমাছি নিয়ে পোজ দিতে দেখা যায়। ফটোশুটের ফাঁকে এন্টারটেইনমেন্ট উইকলিকে দেয়া এক সাক্ষাত্কারে জানান সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দোজ হু উইশ মি ডেড’ সম্পর্কে। জানান অভিনয় ও পরিচালনায় ফেরার গল্প। তিনি বলেন, ‘পরিচালনা ভালো লাগে। কিন্তু আমার পরিবারে ঘটে যাওয়া একটি পরিবর্তন কয়েক বছর ক্যামেরার পেছনে দাঁড়াতে দেয়নি। সন্তানদের প্রয়োজনে বাড়িতে বেশি সময় কাটাতে পারি, এজন্য ছোট ধরনের কাজের দরকার ছিল আমার। এ কারণেই অভিনয়ের অল্পকিছু কাজ নিয়েছিলাম আবার।’

জোলি অভিনীত ‘দোজ হু উইশ মি ডেড’ মুক্তি পেয়েছে গত সপ্তাহে। এ ছবির মধ্য দিয়ে আবারো মারকুটে রূপে ফিরেছেন জোলি। মনটানার বন্য পরিবেশে দাবানলের মাঝে এক নারীর লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। একটি হত্যার প্রত্যক্ষদর্শী হওয়ায় এক কিশোরীর পিছু নেয় ভয়ংকর দুই খুনি। তাকে সাহায্য করতে এগিয়ে আসেন এক নারী।

একপর্যায়ে তারা ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়। ‘দোজ হু উইশ মি ডেড’ ছবিতে জোলি অভিনীত চরিত্রের নাম হান্নাহ। যিনি একজন অগ্নিনির্বাপক কর্মী। মূলত দাবানল থামাতেই ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। এমন সময়ে একটি শিশুকে দুই খুনির হাত থেকে বাঁচানোর অতিরিক্ত দায়িত্ব নেন।

ছবির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন টেইলর শেরিডন। এর আগে তিনি নির্মাণ করেন ‘হেল অর হাই ওয়াটার’। ছবিটি সেরা চিত্রনাট্য বিভাগে ২০১৬ সালে অস্কার মনোনয়ন পায়। ‘দোজ হু উইশ মি ডেড’ ছবিতে আরো অভিনয় করেছেন নিকোলাস হন্ট, টাইলর পেরি, ফিন লিটলসহ আরো অনেকে।

জোলি জানান, ২০১৯ সালের মে মাসে ছবিটির দৃশ্যধারণ শুরু হয়েছিল। কাজ শুরুর দুই বছর পর মুক্তি পেল ছবিটি। করোনার এ সময়ে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেয়া হয়েছে। মুক্তির প্রথম তিনদিনে সিনেমাটি উত্তর আমেরিকায় মাত্র ২৮ লাখ ডলার আয় করেছে। আর বিশ্বব্যাপী আয় ৮১ লাখ ডলারের কিছু বেশি। প্রেক্ষাগৃহের পাশাপাশি ওয়ার্নার ব্রসের অন্য ছবিগুলোর মতো একই দিনে ভিডিও স্টিমিং প্লাটফর্ম এইচবিও ম্যাক্সেও মুক্তি পেয়েছে। হলিউডের সিনেমা বিশ্লেষকরা বলছেন, মহামারী পরিস্থিতিতে পারিবারিক ও সিজিআইনির্ভর ছবিগুলো দর্শকদের হলে টানছে।

 

সূত্র: এন্টারটেইনমেন্ট উইকলি