জয়া আখতার, রিমা কাগতির সিরিজ মেড ইন হেভেন দুটি সিজন স্ট্রিম হয়েছে। প্রথম সিজন স্ট্রিম হয়েছিল ২০১৯ সালে। দারুণ জনপ্রিয় হয় সিরিজটি। এর দ্বিতীয় সিজন এল চার বছর পর। এবারো ওয়েডিং প্ল্যানার তারা খান্নার চরিত্রে অভিনয় করেছেন শোভিতা ধুলিপালা। প্রথম সিজন স্ট্রিম হওয়ার পর শোভিতার জনপ্রিয়তা বেড়েছিল। পাশাপাশি দর্শক ও সমালোচকের প্রশংসাও পান তিনি। কিন্তু দ্বিতীয় সিজনে তারার চরিত্রের বাঁক ও শোভিতার অভিনয় নিয়ে দর্শকের মধ্যে অসন্তোষও দেখা গেছে। সিজন টু স্ট্রিম হওয়ার এক মাস পর ফিল্ম করপোরেশনের সঙ্গে এক সাক্ষাৎকারে শোভিতা জানালেন তারার চরিত্রটি এবার তিনি ভিন্নভাবেই উপস্থাপন করতে চেয়েছিলেন।
সিজন টুয়ের তারা প্রসঙ্গে শোভিতা বলেন, ‘আমার মনে হয় পরিবর্তিত পরিস্থিতিতে পুরনো তারার মতো অভিনয় করার ব্যাপারটা ভালো না। দেখার দরকার ছিল তারা প্রতিবাদ করে উঠলে কেমন হয়। তাকে তার কথাটা বলতে দেয়া প্রয়োজন। তবে তারার মধ্য দিয়ে বাস্তবের আমাকে ব্যাখ্যা করার অনুচিত।’
শোভিতা এ সিরিজের মধ্য দিয়ে মূল ধারায় আলোচনায় এসেছেন। তাই তারার চরিত্রের সঙ্গে অনেকে ব্যক্তি শোভিতাকে মিলিয়ে ফেলে। এ নিয়ে শোভিতা বলেন, ‘তারার চরিত্রটি খুব সুন্দরভাবে লেখা হয়েছে সিরিজের জন্য। আর আমাকে এ সিরিজের মধ্য দিয়েই অনেকে চেনে, কিন্তু তারা আর আমি দুজন ভিন্ন মানুষ। আমি অনেকটাই আবেগতাড়িত, কিছুটা এলোমেলো। অন্যদিকে তারা নীবর কিন্তু দৃঢ়। সে নিজেকে ভেঙে পড়তে দেয় না।’ শোভিতা জানান, তারা খান্না চরিত্রটি এভাবেই সাজানো হয়েছিল সিরিজের গল্প অনুসারে।
তারার চরিত্রটি শোভিতার নিজের নয়। তারা যেভাবে সব ধরনের সমস্যার মোকাবেলা করে বা সিদ্ধান্ত নেয় তা শোভিতা হয়তো নিতেন না। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অভিনয়ের সময় ওই চরিত্রের মতো করে তাকে চিন্তা করতে হয়। শোভিতা বলেন, ‘মাঝে মাঝেই আমার মনে হতো যে অমুক জায়গায় তারা থাকলে সে কী করত? এটা হওয়ার কারণও আসলে আমার সঙ্গে তার পার্থক্য। তারা যেভাবে নিজেকে নিয়ে ভাবে, আমি তা ভাবি না।’
এসব বিষয়ে কথা বলতে গিয়ে শোভিতা তার ব্যক্তি চরিত্রের চেয়ে ভিন্ন চরিত্রের বৈশিষ্ট্যে অভিনয় করার ইচ্ছাও প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি চাই নিজের চেয়ে ভিন্ন চরিত্রের মানুষ হয়ে অভিনয় করতে। তবে দর্শকেরও মনে রাখা উচিত একটা চরিত্রে অভিনয় করার সময় বাহ্যিকভাবে তাকে উপস্থাপন করছি। আমি ওই চরিত্রটি হয়ে যাচ্ছি না। সিনেমার চরিত্র আর অভিনেতা ভিন্ন মানুষ।’
শোভিতা ধুলিপালা অবশ্য এরই মধ্যে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করছেন। এর মধ্যে তাকে সিরিজের পাশাপাশি সিনেমায়ও দেখা গেছে। মণি রত্নমের পোনিয়িন সেলভান সিনেমায় তিনি অভিনয় করেছিলেন ভানাথি চরিত্রে। হাতে আছে দেব প্যাটেলের পরিচালনায় মাংকি ম্যান ও বিনয় কুমারের পরিচালনায় ‘গূঢ়াচারী টু’।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










