ওটিটি দুনিয়ায় পা ফেলার ক্ষেত্রে বলিউডে নওয়াজ প্রথম দিকের অভিনেতাদের একজন। ২০১৮ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় তার অভিনীত ‘স্যাক্রেড গেমস’। সিরিজটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া ছিল বিস্ফোরণের মতো। চারদিকে ছড়িয়ে গিয়েছিল এ সিরিজ ও নওয়াজের প্রশংসা। মূলত এর মাধ্যমেই ভারতের ওটিটিতে নতুন যুগের পত্তন।
নওয়াজকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০২০ সালে করোনায় লকডাউনের জন্য প্রেক্ষাগৃহের বিকল্প হিসেবে সরাসরি ওটিটিতে সিনেমা মুক্তির লাইন লেগে গিয়েছিল। জি ফাইভে মুক্তি পায় তার ‘ঘুমকেতু’। একই বছর নেটফ্লিক্সে আসে ‘রাত আকেলি হ্যায়’
ও ‘সিরিয়াস ম্যান’। কিন্তু ২০২১ সালে নওয়াজের মুক্তিপ্রাপ্ত কোনো সিনেমা দেখেনি দর্শক। এ বছর তাকে দেখা গিয়েছে ‘হিরোপান্তি টু’
সিনেমায় টাইগার শ্রফের বিপরীতে খল চরিত্রে। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগছে দর্শকের মনে। ডজন খানেক কাজ শেষেও নওয়াজের কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না কেন?
ওটিটি প্লাটফর্মগুলো বর্তমানে সরাসরি সিনেমা মুক্তি না দেয়ার সিদ্ধান্তে অটল। সরাসরি ওটিটিতে মুক্তি দিলে প্রচারণার ভারও সে প্লাটফর্মকে নিতে হয়। কিন্তু প্রায়ই দেখা যায় প্লট সুবিধাজনক না হওয়ার কারণে সিনেমা প্রত্যাশা অনুযায়ী দর্শক আকর্ষণ করতে পারে না। পরিণামে ক্ষতির সম্মুখীন হতে হয় ওটিটি প্লাটফর্মকে। তাই তারা চাচ্ছেন, প্রযোজকরা আগে প্রেক্ষাগৃহগুলোয় সিনেমা মুক্তি দিক। কিন্তু তাদের এ সিদ্ধান্তে ছোট চলচ্চিত্রগুলো বাধার সম্মুখীন হচ্ছে। স্বল্প বাজেটের সিনেমাগুলো প্রেক্ষাগৃহে আনতে গেলে বক্স অফিসে সুবিধা করে উঠতে পারবে না। ফলে প্রযোজকরা পিছিয়ে যাচ্ছেন। এ সূত্র ধরেই আটকে গিয়েছে নওয়াজের বেশকিছু সিনেমা। তালিকায় রয়েছে যোগিরা সারা রা রা, নুরানি চেহরা, অদ্ভুত, সঙ্গিন, বোলে চুড়িয়া, রোম রোম মে’সহ আরো কয়েকটি সিনেমা। প্রযোজকদের কাছে ওটিটি থেকে জানানো হয়েছিল সিনেমাগুলো যেন আগে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়। কিন্তু বলিউডের বর্তমান বাজার দেখে তারা আত্মবিশ্বাসী নয়।
যোগিরা সারা রা রা ছবির প্রযোজকরা জানিয়েছেন, সিনেমাটি প্রেক্ষাগৃহেই মুক্তি দেয়া হবে। তবে প্রেক্ষাগৃহে যাওয়া অনেকটা বাধ্য হয়ে। সরাসরি ওটিটিতে আসাটাই তাদের পছন্দ ছিল। বোলে চুড়িয়া দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করছে আলো দেখার। একই কথা প্রযোজ্য রুম রোম ম্যায় নিয়ে।
পরিস্থিতি নিয়ে জুলাইয়ে নওয়াজ বেশ ক্ষোভের সঙ্গেই বলেন, ‘এমন অনেক সিনেমা রয়েছে, ওটিটি প্লাটফর্ম যাদের নিতে পারে না। ওটিটির সুপারহিট স্টার প্রয়োজন। অভিনেতা তাদের প্রয়োজন নেই।’
তবে নওয়াজভক্তদের আশাহত হওয়ার কিছু নেই। সুধির মিশ্র পরিচালিত ‘আফওয়াহ’
সিনেমায় নওয়াজ কাজ করেছেন ভূমি পেড়নেকারের সঙ্গে। শিগগির প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ প্রেক্ষাগৃহেই মুক্তি দেবে সিনেমাটি। কঙ্গনা রানাওয়াত প্রযোজিত ‘টিকু ওয়েডস শিরু’
সিনেমাটিও অ্যামাজন মুক্তি দেবে বলে নিশ্চয়তা মিলেছে।
বর্তমানে নওয়াজ উদ্দিন সিদ্দিকী হাড্ডি সিনেমার শুটিং করছেন। ফার্স্ট লুক এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। চর্চা চলছে তার নারী রূপ নিয়ে। এছাড়া ছত্তিশগড়ের লোকশিল্পী তিজান বাইয়ের জীবন নিয়ে নির্মিত ছবিতেও থাকবেন নওয়াজ।
সূত্র: বলিউড হাঙ্গামা










