জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর আবারো ফিরছেন প্লেব্যাকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ নামের একটি সিনেমায় গান করছেন তিনি। তবে এক-দুটি নয়। এ সিনেমার সব গানেই কণ্ঠ দেবেন আসিফ। শিল্পী জানান, এতে মোট ছয়টি গান রয়েছে, যার সবই তার কণ্ঠে ধারণ করা হবে।
এদিকে এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবার সিনেমায় গান নিয়ে একসঙ্গে কাজ করবেন আসিফ ও কলকাতার প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। সিনেমায় ব্যবহৃত ছয়টি গানের মধ্যে তিনটি গানই লিখেছেন ও সুর করেছেন কবীর সুমন। এর আগে অবশ্য দ্বৈতভাবে তারা শ্রোতাদের অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তবে এ জুটিকে সিনেমায় একসঙ্গে পাওয়া যায়নি। ঝামেলা দিয়েই এক হচ্ছেন তারা। আবারো দুজনের সংগীত রসায়ন দেখবে শ্রোতা-দর্শক।
সংগীত পরিচালনা করেছেন উজ্জল সিনহা ও আজমির বাবু। ঝামেলার মধ্য দিয়েই বহুদিন পর সিনেমার সব গান একসঙ্গে গাইছেন আসিফ। এর আগে তিনি ‘রানী কুঠির বাকী ইতিহাস’ ও ‘গহীনের গান’ সিনেমার সব গান গেয়েছিলেন। আসিফ বলেন, ‘সিনেমায় ছয়টি গানই আমার একার কণ্ঠে যাবে। এটি অত্যন্ত ভালো লাগার। এছাড়া কবীর সুমনের সঙ্গেও সিনেমায় আমার প্রথম কাজ। তার লেখা ও সুর করা তিনটি গানও খুব সুন্দর।’
সিনেমার নির্মাতা ইয়ামিন ইলান বলেন, ‘এটি সম্পূর্ণ বাংলাদেশী সিনেমা। তামিল বা ভারতীয় আদলে বানানো নয়। গল্পটি মৌলিক ও পারিবারিক। এরই মধ্যে দুই লটের শুটিং শেষ হয়েছে। বর্তমানে ঢাকা ও গাজীপুরে শুটিং হচ্ছে। সিনেমাটি এ বছর কোনো এক ঈদে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।’










