আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার গুলশান শাখায় আজ বিকাল ৫টায় গিদরী বাউলী ফাউন্ডেশন অব আর্টস এবং অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের (এএসডি) আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের অধিকারের ওপর আলোকপাত করে একটি অনুষ্ঠান করা হয়েছে। এ আয়োজনে থাকছে গোলটেবিল আলোচনা ও নাট্য পরিবেশনা।
অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট একটি বেসরকারি, অলাভজনক ও অরাজনৈতিক উন্নয়ন সংস্থা, যা ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এএসডির উদ্দেশ্য দরিদ্রদের মধ্যে সংহতি তৈরি করা, তাদের সক্ষমতা তৈরি করা ও তাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য কাজ করা। প্রতিষ্ঠানটি এক দশকেরও বেশি সময় ধরে শিশুশ্রম নিরসন ও শিশু অধিকার আদায়ে বিভিন্ন উদ্যোগে সক্রিয়ভাবে নিয়োজিত রয়েছে। সে ধারাবাহিকতায় আজ সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার সমর্থন করার লক্ষ্যে এএসডির আজকের আয়োজন গোল টেবিল আলোচনা। এরপর সুমি রানীর নেতৃত্বে গিদরী বাউলী চিলড্রেনস টিমের ‘অবাক ঘূর্ণি’ শিরোনামে একটি নাট্য পরিবেশনা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
গিদরী বাউলী পুতুল নাচের দল ২০১৮ সালে গঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে দলটি সমাজের সাংস্কৃতিক ঐতিহ্য দ্বারা অনুপ্রাণিত হয়ে একাধিক পুতুল ও পুতুলনাচ প্রকল্প তৈরি করেছে। ২০২৩ সালে গ্রুপের সদস্য সুমি রানী, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহায়তায় লরি ক্যানাকের নির্দেশনায় ফ্রান্স থেকে মাসব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেন। অবাক ঘূর্ণি শীর্ষক পারফরম্যান্সটি সুমির ফ্রান্সের অভিজ্ঞতা থেকে তৈরি করা হয়েছে। এ নাটকের মাধ্যমে গিদরী বাউলী শিশুদের দল কল্পনা ও স্বাধীনতার ওপর সামাজিক সীমাবদ্ধতাগুলো অন্বেষণ করে।৷










