দক্ষিণী তথা ভারতের কন্নড় ভাষার সিনেমা ইন্ডাস্ট্রিতে রেকর্ড সাফল্য পেয়েছিল কেজিএফ চ্যাপ্টার ওয়ান। এরপর চলছিল এই ফ্র্যাঞ্চাইজির চ্যাপ্টার টু-এর কাজ। অনেক দিন ধরেই ভারতীয় গণমাধ্যমে আলোচনা চলছে এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে। কেজিএফ চ্যাপ্টার টুতে যোগ দিয়েছেন সঞ্জয় দত্ত।

মহামারীর কারণে যথারীতি বন্ধ হয়ে গিয়েছিল ‘কেজিএফ চ্যাপ্টার টু’-এর শুটিং। গত মাসে পুনরায় শুরু হয়েছে বহুল প্রতিক্ষীত এ ছবির শুটিং। তবে নায়ক ইয়াশ শুরুতে শুটিংয়ে যোগ দিতে পারেননি। তবে ভক্তদের আনন্দ সংবাদ জানিয়েছেন সম্প্রতি, তিনি যোগ দিয়েছেন কেজিএফ চ্যাপ্টার টু-এর শুটিংয়ে।

সুসংবাদ জানিয়ে ইয়াশ লিখেছেন, ‘ঢেউকে আটকে রাখা যায় না, কিন্তু আপনি পাল তুলে নৌকায় চড়তে শিখতে পারেন...দীর্ঘ বিরতির পর আজ থেকে রকি আবার পাল তুলল।’ রকি মানে কেজিএফ ছবিতে ইয়াশের দুর্ধর্ষ চরিত্রটি।

প্রশান্ত নীলের পরিচালনায় কেজিএফ চ্যাপ্টার ওয়ানের বিরাট সাফল্যের পর সবাই এর পরবর্তী পর্বটি নিয়েও কৌতূহলী হয়ে আছেন। চ্যাপ্টার টুতে দেখা যাবে বলিউডের দুই তারকাকে। খলচরিত্রে থাকবেন সঞ্জয় দত্ত। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রাভিনা ট্যান্ডনকে। ছবির শেষ অংশের শুটিংয়ে যোগ দিয়েছেন দক্ষিণের তারকা অভিনেতা প্রকাশ রাজ। ছবিতে প্রকাশ রাজের যোগ দেয়ার বিষয়টি পরিষ্কার হয়েছে পরিচালক প্রশান্ত নীলের একটি টুইটে। তিনি লিখেছেন, ‘‘প্রকাশ রাজ স্যার, শুটিংয়ে আপনাকে স্বাগতম। শেষমেশ আমরা ‘কেজিএফ চ্যাপ্টার টু’-এর শুটিং শুরু করতে পেরেছি। ছবিটির প্রতি সবার ভালোবাসা এবং আগ্রহের জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য প্রার্থনা করবেন।”

এরই মধ্যে ইয়াশ নিশ্চিত করেছেন যে কেজিএফ চ্যাপ্টার টু অবশ্যই সিনেমা হলে মুক্তি দেয়া হবে, কোনো ওটিটি প্লাটফর্মে নয়। তার মতে এ অ্যাকশন-ড্রামাটি বড় পর্দায় দেখার উপযুক্ত। তাই তারা ছবিটি কোনো অবস্থাতেই ওটিটি প্লাটফর্মে মুক্তি দেয়ার পরিকল্পনা করছেন না।

কেজিএফ চ্যাপ্টার ওয়ান মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। দক্ষিণের সিনেমা হলেও ছবিটি প্যান-ইন্ডিয়া ছবি হিসেবে আবির্ভূত হয়। শুধু দক্ষিণ ভারত নয় বরং হিন্দি ছবির বাজারেও ছবিটি ভালো সাড়া পেয়েছে।

ক্যান্সারের চিকিৎসা নেয়ার কারণে সঞ্জয় দত্ত আপাতত শুটিং থেকে বিরতিতে আছেন। ছবিতে মুখ্য নারী চরিত্রে দেখা যাবে শ্রীনিধি শেট্টিকে। উল্লেখ্য, শ্রীনিধি চ্যাপ্টার ওয়ানেও ছিলেন।

 

সূত্র: পিংকভিলা