শনিবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিয়ে করেছেন হলিউড তারকা বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। এরপর নিজের পদবি পরিবর্তন করে জেনিফার লোপেজ এখন জেনিফার অ্যাফ্লেক। রোববার নিজের ওয়েবসাইটে জেনিফার লোপেজ লিখেছেন, ‘আমরা বিয়ে করেছি। ভালোবাসা সুন্দর। ২০ বছরের ধৈর্যের ফল পেয়েছি।’

বিয়ের একটি বড় অংশজুড়েই থাকে বর-কনের বিয়ের পোশাক। আর তারা যদি তারকা হন তাহলে তো এ নিয়ে ভক্তদের ভাবনার অন্ত থাকে না। বিয়ের পরই ভক্তদের মনে প্রশ্ন জেগেছে কেমন ছিল জেনিফার লোপেজের বিয়ের গাউনের দাম।

বিয়েতে বিশ্বজনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড আলেকজান্ডার ম্যাককুইন থেকে  স্লিভলেস গাউন পরেছিলেন জেনিফার। সাদা বিয়ের গাউনটি ফ্লোরাল জ্যাকোয়ার্ড ডিজাইন করা, যার মূল্য ৫ হাজার ১৭৫ ডলার। বাংলাদেশী মুদ্রায় যার দাম ৪ লাখ ৮৭ হাজার ৪৮৫ টাকা।

বিয়ের মেকআপ জেনিফার লোপেজ নিজেই করেছেন। অন্যদিকে বিয়ের দিন সন্ধ্যায় বিয়ের দ্বিতীয় পোশাকটি পরেছিলেন এ অভিনেত্রী। এটি ছিল জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার জুহাইর মুরাদের ডিজাইন করা ব্রাইডাল কালেকশনের। লেইস দিয়ে ডিজাইন করা অব শোল্ডার গাউনটি ফিশটেইল করা, এর সঙ্গে রয়েছে সুইটহার্ট নেকলাইন ডিজাইন। ফুল স্লিভ গাউনটির সঙ্গে একটি ম্যাচিং ঘোমটা পরে সন্ধ্যায় আসরে হাজির হন জেনিফার লোপেজ।

নিজের বিয়ের পোশাকটি নিয়ে জেনিফার লোপেজ বলেছেন, ‘অনেক বছর ধরেই পোশাকটা কিনে রেখে দিয়েছিলাম। অবশেষে আজকে আমার বিয়ের দিনে পরেছি।’

বিয়ের মুহূর্তের কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন জনপ্রিয় এ অভিনেত্রীর হেয়ার স্টাইলিস্ট ক্রিস অ্যাপলটন। জেনিফার লোপেজের ছবি শেয়ার করে ক্যাপশনে ক্রিস লিখেছেন, ‘বিয়ের আগে শেষ মুহূর্তের অনুভূতি।’ ছবিতে দেখা যায় সোনালি ঢেউ খেলানো লম্বা চুল ছেড়ে সাদা গাউনে দাঁড়িয়ে জেনিফার লোপেজ। নো মেকআপ লুকে সাবলীলভাবেই নিজেকে উপস্থাপন করেছেন এ তারকা।

‘গিগলি’ সিনেমায় একসঙ্গে দেখা যায় বেন ও জেনিফারকে। সিনেমাটি করতে গিয়েই নাকি তারা প্রেমে পড়েছিলেন এমনই শোনা যায়। প্রেমের সম্পর্কের পূর্ণতা দিতে ২০০২ সালে আংটি বদল করেছিলেন জেনিফার ও বেন। তবে এক বছর পরেই নিজেদের সম্পর্কে ইতি টানেন। ২০২১ সালে গুঞ্জন শুরু হয় এ তারকা জুটি ফের এক হতে চলেছেন ও ডেট করছেন। চলতি বছরের এপ্রিলে বাগদান সেরে ফেলেন এ তারকা দম্পতি। জেনিফার লোপেজ নিজের অফিশিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছেন। লাস ভেগাসে আইনিভাবে বিয়ে করেন এ জুটি।  ৫২ বছরের জেনিফার ও ৪৯ বছরের বেনের বিয়েতে উপস্থিত ছিল তাদের সন্তানেরা। এছাড়া এ বিয়ের আয়োজনে আমন্ত্রিত ছিলেন তাদের কাছের মানুষেরা।

 

সূত্র: ইয়ন