ডিসি কমিকসের ভক্তদের জন্য সুখবর। অন্তত একটা অপেক্ষার পালা শেষ হলো। পরিচালক টড ফিলিপস সামনে আনলেন ‘জোকার: ফোলি আ দ্যু’ সিনেমা থেকে গায়িকা-নায়িকা লেডি গাগার হার্লে কুইন অবতার।

সাড়া জাগানো ‘জোকার’ সিনেমার সিক্যুয়ালে অন্যতম তুরুপের তাস হতে যাচ্ছেন এই পপ তারকা। চোখ বন্ধ করেই এ কথা বলা যায়।

‘জোকার’ শুধু বক্স অফিস নয় সমালোচকদের কাছেও প্রিয়। বিলিয়ন ডলারের এই সিনেমায় অভিনয় করে অস্কারে সেরা অভিনেতার পুরস্কার পান জোয়াকিন ফনিক্স।

সব মিলিয়ে ডিসি কমিকসের সিনেমাটির সিক্যুয়াল নিয়ে উচ্ছ্বাস কম নয়।

আগের পর্বে ফনিক্সই ছিলেন টড ফিলিপসের মূল খেলোয়াড়। এবার তার সঙ্গে জুড়লেন লেডি গাগা।

মূলত ‘জোকার’ সিনেমাটি মার্ভেলের রমরমা যুগে ডিসিকে নতুন প্রাণ দিয়েছে।

এর আগে ‘সুইসাইড স্কোয়াড’ ও ‘বার্ডস অব প্রে’ সিনেমায় হার্লে কুইন চরিত্রে অভিনয় করেন মার্গট রবি। এবার সেই চরিত্র বাগিয়ে নিয়ে লেডি গাগা। এই গায়িকা এর আগে ‘আ স্টার ইজ বর্ন’সহ একাধিক সিনেমায় নিজের অভিনয় প্রতিভা প্রমাণ করেছেন।

ভালোবাসা দিবস উপলক্ষে ইনস্টাগ্রামে হার্লে কুইনের পয়লা দর্শন প্রকাশ করেন পরিচালক টড ফিলিপস। ছবিতে জোকার ও হার্লেকে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যাচ্ছে। গাগার চোখে আবেগ দেখা গেলেও ফনিক্স নিজেকে সামলে রেখেছেন!

গত বছর জোয়াকিন ফনিক্সের পয়লা দর্শন প্রকাশ করা হয়। পরে শোনা যায়, সিনেমাটিতে যোগ দিচ্ছেন লেডি গাগা। এবার ছবি প্রকাশ করে নিশ্চিত করলেন নির্মাতা।

অবশ্য সিনেমাটির জন্য আরো বছর দেড়-একের বেশি অপেক্ষা করতে হবে। ‘জোকার: ফোলি আ দ্যু’ মুক্তি পাবে ২০২৪ সালের ৪ অক্টোবর।