এবার ঢাকায় আসছে পাকিস্তানি ব্যান্ড বায়ান। ‘বায়ান লাইভ ইন ঢাকা: দ্য সফর ট্যুর’ শিরোনামের কনসার্টে গাইবে তারা। এক ভিডিও বার্তায় এ খবর জানিয়েছেন বায়ানের সদস্যরা। তবে আয়োজকদের পক্ষ থেকে এখনো জানানো হয়নি কনসার্টের তারিখ ও ভেন্যু।
কনসার্টের ভেন্যু ও তারিখ ঘোষণা করা না হলেও এরই মধ্যে আয়োজক প্রতিষ্ঠান জির্কোনিয়ামের ওয়েবসাইটে শুরু হয়েছে টিকিট বিক্রি। ৫ হাজার ও ৩ হাজার টাকায় মিলছে কনসার্টের টিকিট। আয়োজকদের ফেসবুক পেজেও করা হচ্ছে প্রচার। কনসার্টের বিস্তারিত প্রকাশ না করায় অনেকের মনে উঁকি দিয়েছে শঙ্কা। আয়োজকরা বলছেন চিন্তার কোনো কারণ নেই। সব প্রস্তুতি নিয়েই টিকিট বিক্রি শুরু করেছেন তারা। তারিখ ও ভেন্যু চূড়ান্ত হয়েছে এরই মধ্যে। প্রচারের কৌশল হিসেবে এখনো তা প্রকাশ করা হয়নি।
আয়োজক প্রতিষ্ঠান জির্কোনিয়ামের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহেই বায়ানের সদস্যরা ঘোষণা করবেন কনসার্টের তারিখ ও ভেন্যু। জির্কোনিয়ামের কর্ণধার আমির রহিম আফতাব বলেন, ‘এই কনসার্টের ঘোষণা দিয়েছে বায়ান। তারাই ভিডিও বার্তার মাধ্যমে জানিয়ে দেবে কবে ঢাকায় আসছে গান শোনাতে। এ কারণে এখনো তারিখ ও ভেন্যু রিভিল করা হয়নি। যারা টিকিট কিনছেন, তাদের চিন্তার কোনো কারণ নেই। সব প্রস্তুতি নিয়েই কনসার্টের ঘোষণা দেয়া হয়েছে।’
মুস্তাফা জাহিদের কনসার্টের প্রসঙ্গ তুলতেই এ আয়োজক বলেন, ‘এই একটি কনসার্টের কারণেই আয়োজকদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তবে আমরা আয়োজক হিসেবে নতুন নই। এর আগে অর্ণব, তাহসান খান, পাকিস্তানের জাল ব্যান্ড, ভারতের অঞ্জন দত্তসহ বেশকিছু কনসার্ট আয়োজনের অভিজ্ঞতা আছে আমাদের। তাই দর্শকের চিন্তার কিছু নেই। সময়মতো বায়ান জানিয়ে দেবে কনসার্টের বিস্তারিত।’
নতুন অ্যালবাম ‘সফর’ প্রকাশ উপলক্ষে বিভিন্ন দেশে কনসার্ট করছে বায়ান। সেই ট্যুরের অংশ হিসেবে প্রথমবার বাংলাদেশে আসছে ব্যান্ডটি। এ কনসার্টে সফর অ্যালবামের গানগুলো গাইবে বায়ান। এছাড়া ‘নেহি মিলতা’, ‘মেরা মুসাফির’, ‘সুনো’, ‘ফারদা’, ‘কাহা যাউ’সহ তাদের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবে। বায়ান ব্যান্ডের সদস্যরা হলেন আসফার হুসাইন, শাহরুখ আসলাম, মনসুর লাশারি, মুকিত শাহজাদ ও হায়দার আব্বাস। এ কনসার্টে বায়ানের সঙ্গে থাকবেন বাংলাদেশের শিল্পীরাও।










