ডিসক্লেইমার জুড়ে দিয়ে প্রদর্শনের অনুমতি পেয়েছে
মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত সিনেমা ‘শনিবার বিকেল’। আজ শনিবার (২১ জানুয়ারি) বিকেলে
বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক ও আপিল বোর্ড সদস্য শ্যামল দত্ত।
‘সিনেমাটি আমার ভালো লেগেছে’ উল্লেখ করে বণিক বার্তাকে শ্যামল দত্ত বলছিলেন, সিনেমাটিতে সেন্সর না দেয়ার কোনো কারণ নেই। আমরা সিনেমাটি মুক্তি দিতে বলেছি।
সঙ্গে এও বলেন, “তবে এর সঙ্গে শুরুতে ডিসক্লেইমার
দিতে বলেছি যে, এই সিনেমার সঙ্গে হোলি আর্টিজানের কোনো সম্পর্ক নেই। হোলি আর্টিজান
একটা আলাদা ঘটনা। আর ‘শনিবার বিকেল’ একটি সিনেমা। আমরা একটা সিনেমা হিসেবেই দেখেছি,
অন্য কোনো বিষয় নয়।”
ডিসক্লেইমারের প্রসঙ্গ এলেও বলা হয়ে থাকে,
সিনেমাটি ২০১৬ সালের ১ জুলাই ঢাকার হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ওপর নির্মিত।
এর আগে ১৫ সদস্যের সেন্সর বোর্ড ২০১৯ সালে
সর্বসম্মতিক্রমে সিনেমাটি প্রদর্শনের উপযোগী নয় বলে মত দিয়েছিল। বলা হয়েছিল, সিনেমাটি
দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে।
এরপর ২০২০ সালে ‘শনিবার বিকেল’ প্রযোজক জাজ
মাল্টিমিডিয়া সিনেমাটিতে কিছু দৃশ্য সংযোজিত হয়েছে দাবি করলে বোর্ড সেটি দেখে কোনো
সংযোজন পাওয়া যায়নি জানিয়ে দেয়।
সম্প্রতি হোলি আর্টিজান ঘটনাকে উপজীব্য করে
নির্মিত ভারতীয় ‘ফারাজ’ সিনেমার সূত্র ধরে আবার ‘শনিবার বিকেল’ আলোচনায় আসে। এরপর আপিল
শুনানির তারিখ দেয়া হয়।
সিনেমাটিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা,
জাহিদ হাসান, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, পরমব্রত চট্টোপাধ্যায়, ইয়াদ
হুরানি প্রমুখ।










