তিন গল্প নিয়ে ‘জীবন জুয়া’ নামের অ্যান্থোলজি ফিল্ম নির্মাণ করছেন তিন নির্মাতা। তারা হলেন আবুল খায়ের চাঁদ, আশুতোষ সুজন ও ইফতেখার মাহমুদ ওসিন। যার একটি গল্পে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। রুপালি পর্দায় প্রথম দেখা যাবে এ জুটিকে।
আদর-ববি যে গল্পে কাজ করেছেন, সে অংশের নাম ‘খোয়াব’। এতে সিনেমার নায়িকার চরিত্রে দেখা যাবে ববিকে। আদর আজাদ অভিনয় করেন নায়িকার মেকআপম্যানের সহকারীর চরিত্রে। গল্পে একজন নায়িকার জীবন সংগ্রাম ও চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নানা প্রতিবন্ধকতা ছাপিয়ে টিকে থাকার গল্প খোয়াব।
এর দ্বিতীয় সংকলন ‘ফিল্ম কানন’। এটি একজন সিনেমা পাগলের গল্প। যার একমাত্র স্বপ্ন সিনেমার নায়ক হবে। সে স্বপ্ন নিয়ে বজলু পাড়ি জমায় ঢাকায়। স্বপ্নে বিভোর বজলুর দিন কাটে এফডিসির গেটে একটি সুযোগের আশায়। এই প্রাপ্তি-অপ্রাপ্তির গল্প থেকে তৈরি হয় ‘ফিল্ম কানন’। আশুতোষ সুজন পরিচালিত এ গল্পের মূল চরিত্রে আছেন ফজলুর রাহমান বাবু ও সামিয়া অথৈ।
এক দম্পত্তি, ভালোবাসা, খুনসুটি, সংসার, অতঃপর একদিন ফিরে পাওয়া অতীত—এ নিয়ে জীবন জুয়ার শেষ গল্প ‘প্রিয় প্রাক্তন’। সিনেমাটি পরিচালনা করেছেন ইফতেখার মাহমুদ ওসিন। এর গল্প লিখেছেন সময়ের অন্যতম জনপ্রিয় লেখক কিঙ্কর আহসান। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও সুদীপ বিশ্বাস দীপ। এ সিনেমার একটি গান গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী। চতুষ্কোণ চলচ্চিত্রের ‘বসন্ত এসে গেছে’ গানের মধ্য দিয়ে দুই বাংলায় জনপ্রিয় হয়ে ওঠা শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। কিঙ্কর আহসানের লেখা ‘তাকে ছেড়ে আসতে শেখো’ শিরোনামের গানটি সুর করেছেন কলকাতার সুরকার শ্রাবণ।










