ভারতের ইতিহাসের অন্যতম জনপ্রিয় নারী রাজনীতিবিদ জয়ললিতার বায়োপিক থালাইভির শুটিংয়ের কাজ সম্প্রতি শেষ হয়েছে। ছবিতে জয়ললিতার চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত। শুরু থেকেই ছবিটি আলোচনায়। ছবিতে জয়ললিতাকে ফুটিয়ে তুলতে বেশ ঘাম ঝড়াতে হয়েছে কঙ্গনাকে, বাড়াতে হয়েছে ওজন।
কঙ্গনার ক্যারিয়ারে থালাইভি নতুন ধরনের এক চরিত্রে তাকে হাজির করেছে। এমন রাজনৈতিক চরিত্রে তাকে আগে দেখা যায়নি। এমনিতে জয়ললিতাকে নিয়ে যেমন ভারতের মানুষের আগ্রহ আছে, তেমনি এ বছর কঙ্গনাও নানা তর্কে-বিতর্কে বলিউডে আলোচনায় ছিলেন। সব মিলিয়ে দর্শক-সমালোচকরা নজর রাখছেন থালাইভি ছবির সর্বশেষ তথ্যের দিকে।
কঙ্গনা রানাওয়াত ও তার দল সম্প্রতি থালাইভির শুটিং শেষ করেছে। এ পলিটিক্যাল ড্রামার শুটিং শেষ করার খবরটি দেয়ার সঙ্গে সঙ্গে কঙ্গনা দুটো ছবি শেয়ার করেছেন। একটি তরুণ বয়সে জয়ললিতার, অন্যটি সেই সাজে থালাইভি ছবিতে কঙ্গনার একটি দৃশ্যের। ছবিতে কঙ্গনা জয়ললিতাকে ফুটিয়ে তুলতে যে কঠোর পরিশ্রম করেছেন তা স্পষ্ট হয়ে যায় এ ছবিতে।
কঙ্গনা রানাওয়াত নিজেই বলেছেন থালাইভি তার জীবনের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প। ‘এটা শুটিংয়ের সমাপ্তি। আজ আমরা আমাদের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প থালাইভি-দ্য রেভল্যুশনারি লিডার ছবির শুটিংয়ের কাজ শেষ করেছি। কোনো শিল্পী এমন রক্ত-মাংসের একটি চরিত্র করার সুযোগ সহসা পান না। চরিত্রটির প্রতি আমার ভালোবাসা জন্মে গিয়েছিল। এখন হঠাৎই বিদায় নিতে হচ্ছে’—কঙ্গনা বলেন। তিনি থালাইভির পুরো টিমের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
থালাইভি ছবির জন্য কঙ্গনা বিশেষভাবে ভরতনাট্যম ক্লাস করেছেন। তামিল ভাষাও শিখেছেন। থালাইভির পর এখন কঙ্গনা ব্যস্ত নতুন ছবি তেজাস নিয়ে। এ ছবিতে তাকে দেখা যাবে ভারতীয় বিমান বাহিনীর একজন বৈমানিকের চরিত্রে। ছবিটি পরিচালনা করেছেন রজনীশ ঘাই।
সূত্র: পিংকভিলা










