ইউটিউবে হাজং ভাষার গান গেয়ে সংগীতে পরিচিতি শুরু অনিমেষ রায়ের। এরপর কোক স্টুডিও বাংলায় ‘নাসেক নাসেক’ দিয়ে আলোচনায় আসেন তিনি। সিনেমার গানেও নাম লিখিয়েছেন এ সংগীতশিল্পী। সোহেল রানা বয়াতির নির্মাণাধীন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘‌নয়া মানুষ’-এ ‘‌সোনার মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন অনিমেষ রায়। মূলত নয়া মানুষ সিনেমার গান দিয়েই প্লেব্যাকে অনিমেষের অভিষেক। তবে গানটি এখনো প্রকাশ হয়নি। আর সম্প্রতি প্রকাশ পেয়েছে পশ্চিমবঙ্গের ‘ও অভাগী’ সিনেমায় অনিমেষের গাওয়া টাইটেল গান। প্রকাশের দিক থেকে এটিই অনিমেষের প্রথম প্লেব্যাক।

নিজের প্রথম প্লেব্যাক নিয়ে অনিমেষ বলেন, ‘কোক স্টুডিও বাংলার সুবাদেই মৌসুমী দিদি আমাকে এ সিনেমায় গাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তারা আমার প্রতি ভরসা রেখেছেন, এ নিয়ে আমি খুশি। এটি যেহেতু টাইটেল ট্র্যাক, তাই গানের কথায় সিনেমার গল্পটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।’

গানটি প্রকাশের পর ভালো সাড়া পাচ্ছেন বলে জানান অনিমেষ। তিনি বলেন, ‘অনেকেই ফোন করে শুভেচ্ছা জানাচ্ছেন। প্রকাশের দিক থেকে এটাই আমার প্রথম প্লেব্যাক। প্রথম গান নিয়ে ভালো লাগাটা একটু অন্য রকম।’

অনিমেষ জানান, গানটি টালিউড সিনেমার হলেও রেকর্ডিং হয়েছে বাংলাদেশে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ অবলম্বনে নির্মাণ হয়েছে ও অভাগী সিনেমাটি, যার কেন্দ্রীয় চরিত্রে আছেন বাংলাদেশের রাফিয়াত রশিদ মিথিলা। একটি মেয়ের জীবনের সংগ্রাম ও লড়ে যাওয়ার গল্প নিয়ে এ সিনেমা। অনির্বাণ চক্রবর্তী পরিচালনা করেছেন এটি। এতে আরো অভিনয় করেছেন সুব্রত দত্ত, দেবযানী চ্যাটার্জি, ঈশান মজুমদার, সায়ন ঘোষ, সৌরভ হালদার প্রমুখ। ২৯ মার্চ পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।