আমেরিকার স্কুল বা লাইব্রেরিতে একসময় সবচেয়ে সেন্সর করা বই ছিল এটি। আর এখন লেখক জেডি সালিঙ্গারের স্বাক্ষর করা বই ক্যাচার ইন দ্য রাইয়ের একটি মাত্র কপি বিক্রি হতে যাচ্ছে ২ লাখ ২৫ হাজার পাউন্ডে। প্রথম মুদ্রণের এ বইয়ে আবার লেখকের ছোটবেলার ডাক নাম সানি হিসেবে উল্লেখ করা।
বলা হয়, ১৯৫১ সালের উপন্যাসটি সফল হওয়ার ফলে নগদ অর্থপ্রাপ্তিতে বন্ধুজন ও পরিবারের সঙ্গে সালিঙ্গারের মনোমালিন্য হয়। ফলে স্বাক্ষর করা কিছু বইয়ের কপি বাজার পর্যন্ত পৌঁছায়নি। ক্যাচার ইন দ্য রাইয়ের প্রথম মুদ্রণের এমন একটি কপিই তার মৃত্যুর পরে ২০১০ সালে নিলামে বিক্রি করা হয় ৫৬ হাজার পাউন্ডে।
বিক্রি হতে যাওয়া কপিতে লেখকের পরিবার ও বন্ধুদের উদ্দেশ্যে কিছু বার্তা লেখা রয়েছে। সেখানে লেখা রয়েছে, চার্লস কিরজকে অনেক অনেক শুভকামনা জেডি সালিঙ্গারের পক্ষ থেকে (আডা ও ভিক্টরের প্রতিও সনি সালিঙ্গারের পক্ষ থেকে বাড়তি শুভকামনা) নিউইয়র্ক ১০/১৮/৫৬।
পিটার হারিংটন বুকস বইটি বিক্রি করবে ফার্স্টস: লন্ডনের দুর্লভ বইমেলায়। ১৫-১৮ সেপ্টেম্বর পর্যন্ত সাতচি গ্যালারিতে এ বইমেলা অনুষ্ঠিত হবে। বইটিকে রেকর্ড ভাঙা পণ্য হিসেবে উল্লেখ করা হচ্ছে এবং বিশ শতকের আমেরিকান কথাসাহিত্যের সবচেয়ে বড় তকমাও পেয়েছে বইটি।
পিটার হারিংটন বুকসের স্বত্বাধিকারী পম হ্যারিংটন। তিনি অ্যান্টিকোয়ারিয়ান বুকসেলার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং ফার্স্টস বুক ফেয়ারের চেয়ারম্যানও। তিনি বলেন, বিশ শতকের সাহিত্যের এটাই সম্ভবত সবচেয়ে অধরা উপহার। নিলামের রেকর্ড বলছে, প্রথম মুদ্রণে নাম লেখা শুধু একটি কপির উপস্থিতি রয়েছে—এমন একটি লিখিত কপির মালিক হওয়া আধুনিক আমেরিকান সাহিত্য সংগ্রহে নিঃসন্দেহে একটি বড় স্থান পাবে।
তিনি যোগ করেন, জেডি সালিঙ্গার নিজেই অনেক বেশি অধরা ছিলেন, সে কারণে এ বই আরো বেশি দুর্লভ হয়েছে। সালিঙ্গার অত্যন্ত নিভৃত জীবন কাটাতেন এবং কোনো ধরনের প্রচার থেকে দূরে থাকতেন। বিশেষ করে তার কাজের প্রচারের জন্য কোনো ধরনের জীবনীমূলক সামগ্রীর ব্যবহার থেকে তিনি বিরত থাকতেন।
এ মেলার একটি ‘নিষিদ্ধ বই’ থিম রয়েছে। সালিঙ্গারের বইটি একটি সিরিয়াল হিসেবে প্রকাশিত হয় এবং যুক্তরাষ্ট্রে সেটা প্রায়ই বিতর্কের বিষয় ছিল। ১৯৬০ সালে বইটি নিয়ে ক্লাসে আলোচনা করায় এক শিক্ষককে চাকরিচ্যুত করা হয়, যদিও পরে তাকে আবার চাকরিতে বহাল করা হয়। ১৯৮২ সাল পর্যন্ত দুই দশকে আমেরিকার স্কুল ও লাইব্রেরিতে সবচেয়ে বেশি সেন্সর করা বইয়ের নাম ছিল ক্যাচার ইন দ্য রাই।
উল্লেখ্য, মেলায় বিক্রির জন্য আরো থাকছে জর্জ অরওয়েল ও তার প্রকাশক ভিক্টর গোলানজের মধ্যকার চিঠির কথোপকথন, নিকোলাস কোপার্নিকাসের বই ডি রেভল্যুশনিবাস অরবিয়াম কোয়েলেসটিয়ামের প্রথম মুদ্রণের বই।
সূত্র: গার্ডিয়ান










