বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগ কর্তৃক আয়োজিত ‘২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২৫’-এর সময় দুইদিন বৃদ্ধি করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার বিকাল ৫ ঘটিকায় জাতীয় চিত্রশালা প্লাজায় আয়োজন করা হবে সমাপনী অনুষ্ঠানের। ২২ তারিখ শেষ হওয়ার কথা থাকলেও বিশেষ বিবেচনায় দুদিন বাড়ানো হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব এবং প্রদর্শনীর ক্যাটালগের মোড়ক উন্মোচন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বরেণ্য কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। অনুষ্ঠানে প্রদর্শনী রিভিউ বিষয়ক আলোচনা করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শিল্পী মোহাম্মদ জাহিদুল হক। এছাড়াও আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক শিল্পী রেজা আসাদ আল হুদা অনুপম এবং শিল্পী ও শিল্প সমালোচক মো. বজলুর রশিদ শাওন। এতে স্বাগত বক্তব্য প্রদান করবেন চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল।

গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখ উদ্বোধন করা হয় ‘২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২৫’। উদ্বোধনের পর সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জাতীয় চিত্রশালার ২, ৩, ৪, ৬ ও ৭ নম্বর গ্যালারিতে এ প্রদর্শনী চলছে।