বিনোদনজগৎ থেকে আবার সর্বোচ্চ করদাতা হলেন অক্ষয় কুমার। পাঁচ বছর ধরে অক্ষয় কুমার বিনোদনজগতের সর্বোচ্চ করদাতার আসনটি ধরে রেখেছেন। সর্বোচ্চ করদাতা হওয়ার কারণে আয়কর বিভাগ তাকে ‘সম্মাননা পত্র’
দিয়েছে। সাম্মানিক এ পত্র এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তার ভক্তরা এ নিয়ে গর্বও করছেন। ইনস্ট্যান্ট বলিউড পেজ থেকে এ সম্মাননা পত্রের একটি ছবি পোস্ট করা হয়েছে।
অন্যদিকে তামিলনাড়ুতে সর্বোচ্চ করদাতা হয়েছেন সুপারস্টার রজনীকান্ত। রাজ্যের আয়কর বিভাগ তাকে সম্মননা দিয়েছে। গত রোববার তেলেঙ্গানার গভর্নর তামিলসাই সৌন্দরারাজনের কাছ থেকে রজনীকান্ত-কন্যা ঐশ্বরিয়া এ সম্মাননা গ্রহণ করেন। সম্মাননা গ্রহণের ছবিটি তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, ‘উচ্চ ও দ্রুত করদাতা ব্যক্তির কন্যা হিসেবে গর্ববোধ করছি। আমি বাবার তরফ থেকে তামিলনাড়ু ও পুুদুচেরির আয়কর বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি।’
অক্ষয় কুমার বলিউডের অন্যতম উচ্চপারিশ্রমিক গ্রহীতা সে কথা সবারই কমবেশি জানা। অন্যদিকে দক্ষিণ ভারতে রজনীকান্তের পরিচয়ে তার নাম ছাড়া অন্য কোনো তথ্যের প্রয়োজন হয় না। অক্ষয়কে সর্বশেষ দেখা গেছে সম্রাট পৃথ্বীরাজ সিনেমায়। সিনেমাটি ফ্লপ করলেও অক্ষয়ের বাজার কমেনি। অন্যদিকে রজনীকান্তকে সর্বশেষ দেখা গেছে ২০২১ সালে। আন্নাথে এখন পর্যন্ত তার মুক্তি পাওয়া সর্বশেষ সিনেমা। বর্তমানে তিনি নেলসন দিলীপকুমারের সঙ্গে তার পরবর্তী প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছেন। সিনেমাটির নাম ঠিক করা হয়েছে জেলার।
অক্ষয় কুমার বর্তমানে যুক্তরাজ্যে একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত। তার হাতে রয়েছে রক্ষা বন্ধন, সেলফি, রাম সেতু, বড়ে মিয়া ছোটে মিয়া, গোর্খার মতো সিনেমা। এছাড়া সামনে আসছে ওহ মাই গড সিনেমার সিকুয়েল। এর মধ্যে অক্ষয় কুমারকে দেখা গেছে কফি উইথ করণের সপ্তম সিজনে। সেখানে তিনি এসেছিলেন সামান্থা রুথ প্রভুর সঙ্গে। এখানে ক্রিস রক প্রসঙ্গ তুলে করণ জোহরের প্রশ্নের উত্তরে অক্ষয় বলের টুইঙ্কেলকে নিয়ে কেউ কৌতুক করলে অক্ষয় তার সত্কারের খরচ বহন করবেন।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া










