বক্স অফিসে বাজিমাত করেছে পুরাণ ও কিংবদন্তির মিশেলে নির্মিত কন্নড় সিনেমা কানতারা। বিশ্লেষকদের কাছ থেকেও পেয়েছে বিপুল প্রশংসা। কন্নড়ের স্থানীয় ভাষা ও সংস্কৃতির সীমাবদ্ধতা ছাপিয়ে কানতারার আধিপত্য চলছে ভারতজুড়ে। স্বাভাবিকভাবেই বলিউড থেকে ডাক পেয়েছেন নির্মাতা ও অভিনেতা ঋষভ শেঠি। এ পরিচালক কন্নড় ছেড়ে বলিউডে পাড়ি জমাবেন কিনা, তা নিয়ে ভক্তদের মধ্যে দেখা দিয়েছে প্রশ্ন। সে শঙ্কvর সমাধান দিলেন ঋষভ শেঠি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম বলিউড বাবলকে দেয়া এক সাক্ষাৎকারে ঋষভ বলেন, ‘হিন্দি সিনেমা নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই। কন্নড় সিনেমা নিয়েই থাকতে চাই। এ সংস্কৃতি নিয়ে আমি গর্বিত। কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি ও কন্নড় জনগণের জন্যই আজ আমি এখানে। একটা সিনেমা হিট হওয়ার মানে এই না যে, আমি আমার বন্ধু আর পরিবারকে বদলাব। কন্নড় সিনেমায়ই জড়িত আমার সামগ্রক সত্তা।’
খ্যাতি তাকে বিভ্রান্ত করতে পারবে না বলেই দাবি করেছেন ঋষভ শেঠি। কানতারা সিনেমাটি ভারতজুড়ে ছড়িয়ে দেয়ার জন্য এখনো তৎপর এ তারকা। কিন্তু তার মানে সিনেমার সফলতায় তিনি সিনেমা তৈরির রীতিতে বদল আনতেও নারাজ। মুম্বাই বা ভারতের অন্য কোথাও মানুষ তার নির্মাণ পছন্দ করলে সেসব অঞ্চলে দেখানো হবে। না হলে কেবল কর্ণাটকেই সীমাবদ্ধ রাখা হবে সিনেমাটি। তিনি বিশ্বাস করেন, আঞ্চলিকতার মধ্য দিয়েই সর্বজনীন হয়ে ওঠা যায়। ঋষভ বলেন, ‘কানতারাকে আমি সর্বভারতীয় সিনেমায় পরিণত করার উদ্দেশ্যে নির্মাণ করিনি। কিন্তু সেটাই হয়েছে। সিনেমাটি নিজে থেকেই ছড়িয়ে পড়েছে সারা দেশে। এখন এটি সর্বভারতীয় সুপারহিট সিনেমা। সিনেমা তৈরিতে অন্য কোনো রাস্তা নিয়ে আমার পরিকল্পনা নেই। আমি আমার অঞ্চলের গল্প বলব।’
তিনটা হিন্দি সিনেমা থাকার পরও বলিউডে চতুর্থ সপ্তাহের মতো চমক দেখাচ্ছে কানতারার হিন্দি সংস্করণ। বছরের প্রায় ৯০ শতাংশ সিনেমা যেখানে প্রথম সপ্তাহ শেষেই ম্লান হয়ে পড়েছে বক্স অফিসে, সেখানে গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পাওয়া কানতারার সূচক চতুর্থ সপ্তাহেও রয়েছে যথেষ্ট উচ্চতায়। বিশ্বব্যাপী কানতারা আজ অর্জন করে নিয়েছে ৩০০ কোটি রুপির বেশি। কেবল হিন্দি সংস্করণের আয় দাঁড়িয়েছে ৬২ কোটি রুপি। নিশ্চিতভাবেই এ সংখ্যা আরো বাড়বে। কানতারা পরিচালনার পাশাপাশি এর প্রধান চরিত্রে অভিনয়ও করেছেন ঋষভ শেঠি।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










