ইত্যাদিতে সবসময়ই থাকে বিভিন্ন নান্দনিক ও মজার পর্ব। এর মধ্যে একটি হচ্ছে মিউজিক্যাল ড্রামা। আর ঈদ এলে তো কথাই নেই। যুক্ত হয় নিত্য-নতুন সব বিষয়। আর এ বিষয়গুলোই ইত্যাদিকে অন্য সব অনুষ্ঠান থেকে ভিন্নতা এনে দিয়েছে। সে ধারাতেই এবারের ঈদে থাকছে দুটি মিউজিক্যাল ড্রামা। এবারের বিষয় হচ্ছে আয়-ব্যয়।
ছোটবেলায় অভিভাবকরা সন্তানকে শিখিয়েছেন সত্য কথা বলতে, সৎ পথে চলতে, বড় হয়ে সে সন্তান যদি ভিন্ন পথে চলে তাহলে কী হয়? এ বিষয়ে একটি বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা রয়েছে এবারের ইত্যাদিতে। এতে চারজন অভিভাবকের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, সাবেরী আলম ও আল মামুন। দীর্ঘদিন পর এ অনুষ্ঠানের মাধ্যমে আবারো টিভি পর্দায় উপস্থিত হচ্ছেন একসময়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘বিশেষ দ্রষ্টব্য’র উপস্থাপক আল মামুন। উল্লেখ্য শহীদুজ্জামান সেলিম ও আজিজুল হাকিমকে ইত্যাদির প্রতিটি ঈদ পর্বেই ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যায়।
ঈদ এলে অনেকেই গ্রামের বাড়িতে কিংবা আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ না করে চলে যান বিভিন্ন স্থানে ঘুরতে। কেউবা যান দেশের বাইরে। আবার অনেক স্ত্রীই স্বামীর আয়ের দিকে লক্ষ না করে ঈদে চান দামি দামি উপহার। আর এ কারণেই অনেক স্বামী অবৈধ আয়ের দিকে পা বাড়াতে বাধ্য হন। এসব চিত্র আজকাল অনেক ঘরেই দেখা যায়। এসব বিষয়ের ওপর নির্মিত আর একটি মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ইন্তেখাব দিনার ও সারিকা সাবরিন। চমৎকার দুটি বক্তব্য নিয়ে এবারের পর্ব দুটিও দর্শকের ভীষণ আনন্দ দেবে বলে জানায় ফাগুন অডিও ভিশন। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।










