বলিউডে সেসব সিনেমাই বেশি বাজেট পায় যাতে বড় তারকারা থাকে। এছাড়া এ সিনেমাগুলো নিয়ে আলোচনা হয় বেশি। কিছুদিন হয় বলা হচ্ছে বলিউড এখন কনটেন্টের দিকে মনোযোগী। কনটেন্ট ভালো হলে, সিনেমায় কোন তারকা আছেন, তা নিয়ে মাথা ঘামানো হয় না। কিন্তু বলিউডের এ সময়ের জনপ্রিয় ও প্রশংসিত অভিনেত্রী তাপসী পান্নু মনে করেন এসব একেবারেই ভুল কথা। তিনি মনে করেন পুরো বিষয়টি এক ধরনের দ্বিচারিতা। তার ভাষায়, ‘কনটেন্ট নিয়ে আসলে কেউ ভাবে না। সিনেমা সম্পর্কে কোনো কথা উঠতে প্রথমেই জানতে চাওয়া হয় সিনেমার নায়ক কে?’
তাপসী সম্প্রতি প্রযোজনার সঙ্গে যুক্ত হয়েছেন। দিয়া মির্জা, ফাতিমা সানা শেখ, সানজানা সাংহি অভিনীত সিনেমাটি মুক্তি পেয়েছে গতকাল। এ নিয়ে ই টাইমসের মুখোমুখি হয়েছিলেন তাপসী। তিনি বলেন, ‘আমিও বিশ্বাস করতে চাই যে কনটেন্ট ভালো হলে মানুষ সে সিনেমা দেখতে যাবে। তবে প্রযোজনায় এসে আমার এ ভুল ভেঙে গেছে। এখানে মানুষের মধ্যে আছে দ্বিচারিতা। তারা গল্পটা এক লাইনে শুনেই জানতে চাইবে সিনেমায় কোন নায়ক আছেন? আর এ প্রশ্নের জবাবের ওপরই নির্ভর করবে সিনেমাটি কেমন বাজেট পাবে। এটাকে কীভাবে দেখা হবে।’
তাপসী বলতে চান সিনেমার বাজেট থেকে শুরু করে এটি নিয়ে প্রচারণা বা কথা বলার ক্ষেত্রেও স্টার পাওয়ার কাজ করে। কিন্তু তিনি নিজে কখনো এ রকম বিষয় নিয়ে মাথা ঘামাননি। তাপসী বলেন, ‘আমি কখনো জানতে চাইনি আমার সহ-অভিনেতা কে থাকছে। এমনকি সিনেমা নির্মাণ কারা করছেন তা নিয়েও মাথা ঘামাইনি। বহু নতুন অভিনেতার সঙ্গেই অভিনয় করেছি।’
পুরো বিষয়টি নিয়ে তাপসী বেশ ক্ষুব্ধ এবং তিনি এ নিয়ে খোলামেলা কথা বলেছেন। তার মতে, এ সংস্কৃতি তৈরি হওয়ার পেছনে সংশ্লিষ্ট সবারই দায় আছে। তিনি বলেন, ‘চলতি এ কালচার নিয়ে অনেকেই সমালোচনা করেন। কিন্তু স্টার পাওয়ার সবার কাজের মধ্য দিয়েই তৈরি হয়েছে। এর জন্য দায়ী অভিনেতা, স্টুডিও, দর্শকসহ সবাই। এটা মূলত একটা চক্র।’ তাপসী মনে করেন চক্রটির কারণেই কম বাজেটের সিনেমা নিয়ে স্টুডিও মাথা ঘামায় না।
সূত্র: হিন্দুস্তান টাইমস










