জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী আবারো দর্শকের জন্য ইউটিউব ফিল্মে জুটি বেঁধেছেন। তাদের পূর্ববর্তী ফিল্ম ‘তোমাদের গল্প’ গত ঈদুল ফিতরে মুক্তি পেয়ে দর্শকের মন জয় করেছিল। মাত্র আট মাসে এর ভিউ পৌঁছে গেছে প্রায় সাড়ে তিন কোটিতে। এবার তারা হাজির হচ্ছেন নতুন ইউটিউব ফিল্ম ‘সম্পর্কের গল্প’ নিয়ে। এটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
তোমাদের গল্পর জনপ্রিয় অভিনেতাদের একটি বড় অংশই থাকছেন এ ফিল্মে। দর্শকপ্রিয় অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু। নতুনভাবে যুক্ত হয়েছেন দীপা খন্দকার, সোহেল খান ও ইসরাত।
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘গল্প’ সিরিজের ধারাবাহিক প্রচেষ্টা দর্শকের মধ্যে প্রশংসিত। তোমাদের গল্পর পর তার পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ সিরিজের প্রতিটি পর্ব দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার তিনি ‘সম্পর্কের গল্প’ নিয়ে আসছেন, যার ট্যাগলাইন রাখা হয়েছে ‘যে বন্ধন হারায় না’।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘যে ইউনিট নিয়ে তোমাদের গল্প বানিয়েছি, সম্পর্কের গল্পতেও প্রায় একই ইউনিট কাজ করেছে। অভিনয়শিল্পী, গল্পকার, চিত্রগ্রাহকসহ আমরা প্রায় সবাই আবার একত্র হয়েছি। আমাদের আশা, এবারের কাজটিও দেখলে দর্শক নিজেদের খুঁজে পাবে।’
ফিল্মটির চিত্রনাট্য রচনা করেছেন সিদ্দিক আহমেদ, যিনি তোমাদের গল্পর চিত্রনাট্যও লিখেছিলেন। এর আগে তিনি মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’ সিনেমার চিত্রনাট্যের জন্য প্রশংসিত হয়েছেন।
এবারের ইউটিউব ফিল্মে একটি নতুন গান থাকছে। নিজের সুর ও সংগীতে এটি গেয়েছেন আরফিন রুমি, সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন খেয়া। গানের কথার লিখেছেন তারিক তুহিন।
সম্পর্কের গল্প জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে।










