২০০০ সালে মুক্তি পায় প্রিয়দর্শন পরিচালিত সিনেমা ‌‘হেরা ফেরি’। তখন থেকেই বলিউডের কমেডি সিনেমার তিন আইকনিক চরিত্র হয়ে ওঠে রাজু, শ্যাম ও বাবু ভাইয়া। অদ্ভুত সব কাণ্ড ঘটিয়ে সিনেভক্তদের মনে আলাদা অবস্থান তৈরি করে নিয়েছে তারা। সিনেমাটিও সব দিক থেকে সফল। সে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখে ২০০৬ সালে মুক্তি পাওয়া সিকুয়েল ‘ফির হেরা ফেরি’। প্রথম পর্বের মতো এবারো রাজু চরিত্রে অক্ষয় কুমার, শ্যাম চরিত্রে সুনীল শেঠি ও বাবু ভাইয়া চরিত্রে দেখা যায় পরেশ রাওয়ালকে। তবে দর্শকদের অভ্যস্ত চোখের জন্য বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে হেরা ফেরির তৃতীয় সিনেমাটি। ভাঙতে যাচ্ছে তিনজনের পুরনো জুটি। নতুন সিনেমায় রাজু চরিত্রে অক্ষয় কুমারের বদলে দেখা মিলবে কার্তিক আরিয়ানের।

রাজুকে বদলানো কেন হচ্ছে তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। বলিউড হাঙ্গামা বলছে প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালা ‘হেরা ফেরি’ সিনেমার জনপ্রিয়তাকে পর্দায় ফিরিয়ে আনতে চান।  তার জন্য কয়েক সপ্তাহ ধরে আলোচনা করেছেন অক্ষয় কুমার ও কার্তিক আরিয়ানের সঙ্গে। তবে পারিশ্রমিক ও লাভের অংশ মিলিয়ে অক্ষয়ের দাবি ছিল ৯০ কোটি রুপি। যেখানে কার্তিক ৩০ কোটি রুপিতে কাজ করতে সম্মতি প্রকাশ করেছেন। এত বড় ব্যবধানকে অগ্রাহ্য করতে পারেননি ফিরোজ।

রাজু হিসেবে দর্শক অক্ষয়কে দেখতেই অভ্যস্ত। অবশ্য ফিরোজের চোখে রাজু চরিত্রের জন্য এ সময়ে কার্তিকই সেরা। ফিরোজ নাদিয়াওয়ালা জানিয়েছেন, কার্তিকের কথা মাথায় রেখে পুরো স্ক্রিপ্ট নতুন করে সাজানো হয়েছে। হেরা ফেরির তৃতীয় পর্বে তরুণ রাজুকে হাজির করবে সিনেমাটি। ফলে দর্শকদের অভ্যস্ত চোখে অসুবিধা হবে না।

হেরা ফেরির দ্বিতীয় সিনেমা মুক্তি পায় ১৬ বছর আগে। এর পরও ফ্র্যাঞ্চাইজির আরেকটি সিনেমা আনার কথা কয়েকবার ভাবা হয়েছে। অভিনেতা হিসেবে যুক্ত হওয়ার কথা ছিল জন আব্রাহামের। কিন্তু কোনোবারই শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি হেরা ফেরির তৃতীয় পর্ব।

হঠাৎ এ পরিবর্তনে ভক্তদের অনেকেই আপত্তি তুলেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। নীরবতা ভেঙে মুখ খুলেছেন অক্ষয় নিজেও। তিনি বলেছেন, ‘ছবিটা আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটা অংশ। অনেক সুন্দর স্মৃতি রয়েছে সিনেমাটি ঘিরে। ৩ নম্বর পার্টটা আসছে না বলে খারাপ লাগত। কাজের প্রস্তাব এসেছিল আমার কাছে। পাণ্ডুলিপি ও চিত্রনাট্য আমার কাছে সন্তোষজনক মনে হয়নি। তাছাড়া সৃজনশীল কিছু ব্যাপারেও দ্বিমত ছিল। ফলে নিজে থেকেই সরে গেছি। দর্শকদের প্রতি কৃতজ্ঞ আমাকে এতটা ভালোবাসা ও সমর্থন জানানোর জন্য। হেরা ফেরি-৩ থেকে সরে আসার জন্য তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।’


সূত্র: বলিউড হাঙ্গামা