চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রযোজিত সিনেমায় যুক্ত হলেন সাইমন সাদিক। প্রথমবারের মতো সরকারি অনুদানে সিনেমা নির্মাণ করছেন অপু বিশ্বাস। সরকারি অনুদানের পাশাপাশি তার প্রযোজনায় নির্মিত সিনেমাটির নাম লালশাড়ি। ১ নভেম্বর সিনেমার নির্মাণকাজ শুরু হবে। এটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অপু বিশ্বাস। আগস্টের শেষের দিকে জানা গিয়েছিল এর জন্য শিল্পী নির্বাচনের কাজ চলছে। শেষ পর্যন্ত অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। বিষয়টি নিশ্চিত করেছেন অপু বিশ্বাস।
সিনেমা ও তার অংশ হওয়া প্রসঙ্গে সাইমন বলেন, ‘এ সিনেমায় যুক্ত হওয়া আমার জন্য অনেক ভালো লাগার। লালশাড়ি সিনেমার গল্পটি এক কথায় অসাধারণ। তাঁত শিল্পের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হবে। আমি খুব আশাবাদী এ সিনেমা নিয়ে।’ সাইমন সাদিক অবস্থান করছিলেন কলকাতায়। গতকালই সন্ধ্যার ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা। কারণ আজ জাকির হোসেন রাজু পরিচালিত বিএফডিসি প্রযোজিত ‘চাদর’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা। এতে তার বিপরীতে আছেন বুবলী। গত শুক্রবার মুক্তি পেয়েছে সাইমন অভিনীত শামীম আহমেদ রনি পরিচালিত ‘লাইভ’ সিনেমা। এ ছবিতে তার বিপরীতে আছেন মাহিয়া মাহি। সাইমনের অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ মুক্তির বেশ কয়েক বছর বিরতির পর সাইমনের লাইভ মুক্তি পেল। যে কারণে তার ভক্তরাও সিনেমাটি বেশ আগ্রহ নিয়ে দেখছেন।
লালশাড়ি নিয়ে আশাবাদী সাইমন সাদিক। একইভাবে সিনেমাটি নিয়ে আশাবাদী প্রযোজক ও নায়িকা অপু বিশ্বাসও। তার ভাষায়, ‘লালশাড়ির গল্পটি অত্যন্ত চমত্কার, যা দর্শককে মুগ্ধ করবে। এ সিনেমায় আমি যে চরিত্রে অভিনয় করব তা এক কথায় অসাধারণ। চরিত্রটির প্রেমে পড়েই এতে অভিনয় করছি। এ চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছি, কেন করছি তা আসলে সিনেমা মুক্তির পর দর্শক অনুভব করতে পারবেন।’ উল্লেখ্য, লালশাড়ি সিনেমাটির গল্প লিখেছেন তানভীর আহমেদ সিডনী।










