গতকাল প্রকাশিত হয়েছে নেটফ্লিক্স ইন্ডিয়ার নতুন সিরিজ ‘রে’র ট্রেলার।
সত্যাজিৎ রায়ের চারটি ভিন্ন ধরনের ছোটগল্পকে ভিত্তি করে তৈরি করা হয়েছে অ্যান্থোলজিক্যাল সিরিজ।
হিন্দি ভাষায় নির্মিত সিরিজে থাকছে চারটি কাহিনী—ফরগেট মি নট, হাঙ্গামা হ্যায় কিউ বারপা, বহুরূপিয়া ও স্পটলাইট।
এগুলোয় অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি, আলি ফজল, কেকে মেনন ও হর্ষবর্ধন কাপুর।
ট্রেলার দেখে দর্শক মুগ্ধ।
স্যাটায়ার থেকে থ্রিলার ঘরানার গল্পগুলোর পর্দায় রিটেলিংয়ের যে ঝলক দেখা গেল ট্রেলারে তাতে দর্শক যে সিরিজটির জন্য প্রতীক্ষা করবে তা বলাই যায়।
২৫ জুন সিরিজটির প্রথম সিজন প্রচার শুরু হবে।
রে অ্যান্থোলজি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি, অভিষেক চৌবে, ভাসান বালার মতো খ্যাতনামা পরিচালকরা।
ট্রেলার প্রকাশের পর বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, সম্ভবত সত্যজিতের ‘বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম’
গল্পের অনুপ্রেরণায় ফরগেট মি নট, বহুরূপী গল্প থেকে বহুরূপিয়া, ভক্ত থেকে স্পটলাইট নির্মাণ করা হয়েছে।
সৃজিত পরিচালনা করেছেন ফরগেট মি নট।
আর এতে মুখ্য চরিত্রে রয়েছেন আলী ফজল, সঙ্গে আছেন শ্বেতা বসু।
‘হাঙ্গামা হ্যায় কিউ বারপা’
গল্পে মনোজ বাজপেয়ির সঙ্গে দেখা গেছে গজরাজ রাওকে।
‘বহুরূপিয়া’
গল্পে অভিনয় করেছেন কেকে মেনন।
অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুর অভিনীত গল্পের নাম ‘স্পটলাইট’। ফরগেট মি নটের সঙ্গে বহুরূপিয়াও পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি।
আর ‘হাঙ্গামা হ্যায় কিউ বারপা’র পরিচালনায় আছেন অভিষেক চৌবে এবং স্পটলাইট পরিচালনা করেছেন ভাসান বালা।
‘রে’
সিরিজে আরো অভিনয় করেছেন রাধিকা মদন, অনিন্দিতা বসু, রঘুবীর যাদব, মনোজ পাহওয়া, খরাজ মুখোপাধ্যায়।
চারটি গল্পে প্রধান চরিত্রগুলো জীবনের নানা রূপে লড়েছেন, লক্ষ্য অর্জনে যাত্রা করে দেখেছেন ভঙ্গুর ভবিষ্যেক।
ট্রেলারে শোনা গেছে একটি বয়ান, মানুষ নিজেকে সেরা ভাবতে শুরু করলেই শুরু হয় পতন।
সত্যজিতের গল্প আর পরিচালক ও অভিনয়শিল্পীদের যে সমন্বয় দেখা যাচ্ছে তাতে রে যে দর্শক-সমালোচককে ব্যস্ত রাখবে তাতে সন্দেহ নেই।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস










