ইনস্টাগ্রাম পোস্টে থালাইভিকে নিজের ক্যারিয়ারের সেরা ছবি বলে ঘোষণা করেছেন কঙ্গনা রানাওয়াত। তিনি এখন অপেক্ষায় আছেন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার। ১০ সেপ্টেম্বর মুক্তি পাবে থালাইভি। ছবিটির একটি স্ক্রিনিং দেখার পর কঙ্গনা এটিকে তার এ-যাবৎ সেরা ছবি বলে ঘোষণা করেছেন। ছবিতে তিনি তামিলাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী ও রাজনীতিবিদ প্রয়াত জয়ললিতার চরিত্রে অভিনয় করেছেন। থালাইভি জয়ললিতার বায়োপিক।

কঙ্গনা রানাওয়াতের আশা ছবিটি দর্শকদের পূর্ণ বিনোদন দেবে এবং এ ছবির টানে মহামারীতে দীর্ঘদিন দূরে থাকার পর দর্শকরা হলে ফিরবে। কঙ্গনা লিখেছেন, ‘থালাইভি দেখাটা চমত্কার এক অভিজ্ঞতা। এটি এ-যাবৎ আমার সেরা ছবি।’ এরপর আরেকটি পোস্ট দিয়ে কঙ্গনা লিখেছেন, ‘থালাইভি সিনেমা হলের অভিজ্ঞতা। আশা করছি হিন্দি মাল্টিপ্লেক্সগুলোও ছবিটি দেখাবে। আমি আত্মবিশ্বাসী যে ছবিটা দর্শকদের হলে ফিরিয়ে আনবে।’

চলচ্চিত্র শিল্পকে মহামারী যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই সরব আছেন বলিউডের এ অভিনেত্রী। অবশ্য না হয়েই-বা উপায় কী, তার বড় সাধনার ছবি থালাইভি যে কয়েক দিনে পরই মুক্তি পাবে। কয়েক দিন আগেই এক ভিডিওতে কঙ্গনা অভিযোগ করেছেন, তার ছবি মুক্তির ক্ষেত্রে সিনেমা হল ও মাল্টিপ্লেক্স মালিকরা প্রযোজককে সহায়তা করছেন না। তিনি আরো বলেন, তারা বিভিন্ন স্ট্রিমিং সাইটের প্রস্তাব উপেক্ষা করেছেন শুধু থালাইভিকে হলে মুক্তি দেয়ার ইচ্ছা থেকে। আগে একবার কঙ্গনা অভিযোগ করেছিলেন যে সিনেমা হল মালিকরা তার ছবি মুক্তি না দিতে অনেক জায়গায় জোট বেঁধেছেন।

এরই মধ্যে বিভিন্ন আয়োজনে যারা থালাইভি দেখেছেন, তারা ছবিটি নিয়ে সন্তুষ্ট। একজন লিখেছেন, থালাইভি ভারতে নির্মিত সেরা বায়োপিকগুলোর একটি। পরিচালক বিজয়ের চেষ্টাতেই এটা সম্ভব হয়েছে। জয়ললিতার জীবন দারুণভাবে পর্দায় ফুটে উঠেছে। কঙ্গনা রানাওয়াতের অভিনয় দারুণ হয়েছে। অরবিন্দ স্বামীও আছেন এ ছবিতে। তিনি অসাধারণ। তাকে সবারই ভালো লাগবে।

থালাইভি এ বছর এপ্রিলে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার ঢেউয়ে সে পরিকল্পনা ভেস্তে যায়।

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস