দেশের জনপ্রিয় অভিনেতা অমিত হাসানের জন্মদিন আজ। এক সময় একক নায়ক হিসেবেই সিনেমায় অভিনয় করেছেন তিনি। পরবর্তী সময়ে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন। আবার খল অভিনেতা হিসেবেও সফল হয়েছেন। জন্মদিন পালন নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন অভাবে ঘটা করে জন্মদিন পালন করা হয় না। বিশেষ কোনো আয়োজন নেই দিনটিকে ঘিরে। পরিবারের সদস্যরা মিলেই জন্মদিন পালন করা হয়। আমার স্ত্রী আর সন্তানদের নিয়েই ঘরোয়াভাবে আজকের দিনটা কাটাব। আর আমার মা আছেন। মাকে সময় দেব।’
জন্মদিনে সবার কাছে দোয়া চেয়েছেন এ অভিনেতা।
দীর্ঘ ৩২ বছরের অভিনয়ে জীবন পার করেছেন এ অভিনেতা। এ সময়ে একাধিক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে অমিত হাসান বলেন, ‘আল্লাহর রহমতে আমার ক্যারিয়ারের শুরু থেকেই দারুণ সাড়া পেয়েছি। দর্শক আমাকে ভালোবেসেছে। শুরু থেকে এ পর্যন্ত আল্লাহ আমাকে কাজের মধ্যেই রেখেছে। কখনো নায়ক আর কখনো খলনায়ক। সত্যি বলতে আমি আমার চলচ্চিত্রজীবন নিয়ে খুশি। আক্ষেপ বলতে গেলে আমার কষ্ট হচ্ছে শতাধিক সিনেমায় কাজ করলাম কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম না। এটা নিয়ে আমার মনে একটা দুঃখ আছে।’
তিনি আরো বলেন, ‘অনেক দর্শকপ্রিয় সিনেমা রয়েছে, যাতে আমি আমার মতে খুব ভালো অভিনয় করেছি। বিশেষভাবে উল্লেখ করার মতো যদি বলতে হয় তাহলে বিদ্রোহী প্রেমিক, উজান ভাটি, তুমি শুধু তুমি, বিনি সুতার মালা সিনেমার কথা বলা যায়। আবার খল অভিনেতা হিসেবে এইতো প্রেম, শাহেনশাহর কথাও বলা যায়। কিন্তু কোনোভাবেই ভাগ্যে জুটল না জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাই কোটি দর্শকের ভালোবাসার মাঝে যে সুখ আছে, সেই সুখের মাঝেও প্রায়ই দুঃখ নড়েচড়ে ওঠে। কষ্ট হয়। এতটা বছর ধরে চলচ্চিত্রে নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছি, অভিনয় করছি কিন্তু জাতীয় স্বীকৃতি মেলেনি, এটা সত্যিই অনেক কষ্টের, বেদনার।’
অমিত হাসান দুটি সিনেমা প্রযোজনা করেছেন। একটি কে আপন কে পর’
এবং বিনি সুতার মালা। এখন পর্যন্ত ১৫টিরও বেশি টিভি নাটকে অভিনয় করেছেন তিনি।
১৯৮৬ সালে ‘নতুন মুখের সন্ধানে’
প্রতিযোগিতার মাধ্যমে তিনি বাংলাদেশের চলচ্চিত্রে সম্পৃক্ত হন। ১৯৯০ সালে ছটকু আহমেদ পরিচালিত চেতনা সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। ১৯৯১ সালে মুক্তি পায় শাহিন আলমের প্রথম ছবি মায়ের কান্না। একক নায়ক হিসেবে মনোয়ার খোকনের জ্যোতি সিনেমায় দর্শকের মন জয় করেছেন তিনি। ২০১২ সালে ভালোবাসার রঙ ছবির মাধ্যমে তিনি খলনায়ক চরিত্রে অভিনয় শুরু করেন।
দেশের সীমানা পেরিয়ে কলকাতার সিনেমায়ও অভিনয় করেছেন অমিত হাসান। বাবা যাদব পরিচালিত বস টু সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ সিনেমায় কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ, শুভশ্রী গাঙ্গুলী, ইন্দ্রনীল সেনগুপ্ত ও কৌশিক সেন অভিনয় করেছেন। এছাড়া বাংলাদেশের জনপ্রিয় তারকা নুসরাত ফারিয়াও ছিলেন।
বস টু সিনেমায় বাংলাদেশী ব্যবসায়ী প্রিন্স শাহনেওয়াজ চরিত্রে অভিনয় করেছিলেন অমিত হাসান।










