সম্প্রতি বিশ্বখ্যাত হলিউড ফ্র্যাঞ্চাইজি ম্যাট্রিক্সে নিজের চরিত্র সম্পর্কে মুখ খুলেছেন প্রিয়াংকা চোপড়া।
ম্যাট্রিক্সের নতুন ছবির নাম দ্য ম্যাট্রিক্স: রেসারেকশনস।
ছবিতে নিজের চরিত্রটি সম্পর্কে প্রিয়াংকা বলেছেন, বড় পুকুরে ছোট মাছ।
ছবির ট্রেইলার মুক্তির তারিখ উল্লেখ করে প্রিয়াংকা চোপড়া তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘পিল গ্রহণের সময়টা এসেই গেল।’ দ্য ম্যাট্রিক্স: রেসারেকশনস ছবির ট্রেইলার তার ইনস্টা অ্যাকাউন্টের বায়োতে গেলে দেখার লিংক পাওয়া যাবে বলেও উল্লেখ করেছেন।
টেলিভিশন হোস্ট মিনি মাথুর প্রিয়াংকা চোপড়ার পোস্টটি শেয়ার করেছেন।
উচ্ছ্বাস প্রকাশ করে মিনি লিখেছেন, তিনি ম্যাট্রিক্সে প্রিয়াংকার চরিত্রটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
নিজের পোস্ট পুনরায় শেয়ার করে মিনির আগ্রহ মেটাতে প্রিয়াংকা চোপড়া তার চরিত্রটি নিয়ে লেখেন, ‘জাস্ট আ স্মল ফিস ইন আ হিউজ পন্ড বেব! প্রিয়াংকা সম্ভবত বোঝাতে চেয়েছেন বড় গল্পে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কাজ করছেন তিনি।
সঙ্গে প্রিয়াংকা আরো লেখেন, ম্যাট্রিক্সে কাজের সুযোগ পেয়ে তিনি খুব খুশি।
ওয়ার্নার ব্রস সম্প্রতি
২২ বছর বয়সী ম্যাট্রিক্স ফ্র্যাঞ্চাইজির ভক্তদের চমক দিয়েছে।
তারা ম্যাট্রিক্স: রেসারেকশনস ছবিটি নিয়ে একটি ওয়েবসাইট চালু করেছে।
ওয়েবসাইটে দুটো অপশন আছে।
একটা লাল পিল, অন্যটা নীল।
দুটো ক্ষেত্রে দর্শক ছবির গল্পের দুই ভিন্ন আঙ্গিক দেখতে পাবে।
হোয়াট ইজ দ্য ম্যাট্রিক্স নামের এ ওয়েবসাইটে প্রবেশ করলে ভিজিটরের সামনে দুটো অপশন আসবে—লাল পিল, অন্যটা নীল।
প্রত্যেকটি পিল ম্যাট্রিক্স: রেসারেকশনস ছবির গল্প নিয়ে ভিন্ন আঙ্গিক থেকে ধারণা দেবে।
পিলে ক্লিক করলে প্রতিবারের ফুটেজ একটু করে বদলে যায়।
ছবিতে কিয়ানু রিভসের দুনিয়া উল্টে যায় ইয়াহিয়া আবদুল মতিনের আগমনে।
রিভস বুঝতে পারেন তার জীবনের বাস্তবতা বলে যা জেনে এসেছেন তা এক মরীচিকা।
ম্যাট্রিক্স ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি দ্য ম্যাট্রিক্স: রেসারেকশনস।
ছবিটি পরিচালনা করছেন লানা ওকোভস্কি।
২২ ডিসেম্বর সিনেমা হল ও এইচবিও ম্যাক্সে ছবিটি মুক্তি পাবে।
উল্লেখ্য, ম্যাট্রিক্স ফ্র্যাঞ্চাইজির প্রথম তিনটি ছবিতে বোন লিলি ওকোভস্কির সঙ্গে লানা সহকারী পরিচালক ও সহলেখকের কাজ করেছেন।
দ্য ম্যাট্রিক্স: রেসারেকশনসে অভিনয় করেছেন কিয়ানু রিভস, ক্যারি অ্যান মস, ইয়াহিয়া আবদুল মতিন টু, জাডা পিংকেট স্মিথ, প্রিয়াংকা চোপড়া, ব্রায়ান জে স্মিথ প্রমুখ।
সূত্র: বলিউড হাঙ্গামা









