মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের অন্যতম চরিত্র গামোরা। থ্যানোসের দত্তক কন্যা সে। মূলত ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’তেই দেখা যায় গামোরাকে। পরবর্তী সময় যুক্ত হয় মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে। এ চরিত্রে অভিনয় করেছেন জোয়ি সালদানা। এ বছর তিনি অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। তবে গামোরা চরিত্রের জন্য নয়, তিনি পুরস্কার জিতেছেন এমিলিয়া পেরেজের জন্য। তা হলেও গামোরা মার্ভেলের অন্যতম জনপ্রিয় চরিত্র। মজার ব্যাপার হলো এ চরিত্রের জন্য এক সময় প্রস্তাব করা হয়েছিল আমান্ডা সেফিল্ডকে। কিন্তু তিনি প্রস্তাব ফিরিয়ে দেন। তার মনে হয়েছিল, এ চরিত্রে তেমন কিছু করার নেই।
আমান্ডা এ নিয়ে বলেন, ‘আমি আসলে এক রকম ভয় পেয়েই গিয়েছিলাম। মুখে রঙ মাখার বিষয়টা আমার একেবারেই পছন্দ নয়। অনেকটা সময় রঙ মেখে বসে থাকতে হয়।’
মূলত গামোরার চরিত্রটি এমন, যার গায়ের রঙ সবুজাভ। এ কারণেই রঙ মাখার প্রয়োজন ছিল। তবে এটা একটা বড় সুযোগ ছিল, তাও স্বীকার করেছেন আমান্ডা। তিনি বলেন, ‘এটা একটা বড় সুযোগ ছিল আমার জন্য। আমি জেমস গানের সঙ্গে সরাসরি দেখা করেছিলাম। তিনি অসাধারণ একজন মানুষ। তার পরও চরিত্রটা নিয়েই আমার মধ্যে খচখচানি ছিল।’
কেবল রঙ মাখা নয়, আরো কিছু বিষয় নিয়ে আমান্ডার মনে সন্দেহ ছিল। শুটিংয়ের জন্য তাকে প্রায় ছয় মাস লন্ডনে থাকতে হতো। এ নিয়ে তিনি বলেন, ‘আমি আসলে ছয় মাসের বেশি সময় লন্ডনে থাকতে চাইনি। এ সময় ‘‘আ মিলিয়ন ওয়েজ টু ডাই ইন দ্য ওয়েস্ট’’ নামের একটি সিনেমায় কাজ করার সুযোগ ছিল।’
গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সির গামোরা হিসেবে ক্যারিয়ারের শুরুটা করতে চাননি আমান্ডা। কেননা এ চরিত্রের তেমন কোনো ভবিষ্যৎ আছে বলে মনে হয়নি অভিনেত্রীর। আমান্ডার ক্যারিয়ার যে খুব ভালো হয়েছে এমন বলা যাবে না। তবে তিনি হয়তো নিজের পছন্দের চরিত্র অনুসারে অভিনয় করতে পারছেন।
সূত্র: ভ্যারাইটি










