ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা বীর দাস। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কৌতুক অভিনেতা হুইটনি কামিংসের পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে কথা বলার সময় উঠে আসে বলিউড বাদশার নাম। বীর দাস তখন বলেন, শাহরুখ খান ‘বিশ্বের সবচেয়ে বড় তারকা’।
হুইটনি শাহরুখ খান সম্পর্কে জানতে ইন্টারনেটে সার্চ করেছিলেন।
আর তখন বীর দাস বলেন, ভক্ত সংখ্যা থেকে শুরু করে যেকোনো মানদণ্ডেই তিনি (শাহরুখ খান) দুনিয়ার সবচেয়ে বড় তারকা।
ভারতে সাপ্তাহিক ছুটির দিন রোববার বলিউড বাদশাহর বাসভবন মান্নাতের সামনে প্রায় ১০ হাজার ভক্ত অপেক্ষা করেন তাকে এক নজর দেখার। শাহরুখের জনপ্রিয়তার কারণেই প্রতি
রোববার মান্নাতের সামনে এমন ভিড় হয় বলে জানান বীর দাস। তার মতে, রোমান্টিক হিরোর ভাবমূর্তিই শাহরুখকে এত জনপ্রিয় করেছে। এ কারণেই তিনি ভক্তদের এত ভালোবাসা পান। হুইটনি মন্তব্য করেন, একজন তারকাকে একই সঙ্গে নারী ও পুুরুষ দর্শকরা পছন্দ করছেন এমন ঘটনা বিরল এবং শাহরুখ এ কৃতিত্ব দেখিয়েছেন।
এ সময় বীর দাস যুক্ত করেন, ‘বলিউডের এ সুপরাস্টার যেভাবে নারীদের সঙ্গে রোমান্স করেন তেমনটা আর কেউ পারেন না। দর্শকরা এমনটাই বলেন। তিনি জানেন, পর্দায় কীভাবে রোমান্স করতে হয়।’
সাক্ষাত্কারের এক পর্যায়ে বলিউডে শাহরুখের পথচলা নিয়ে কথা বলেন বীর দাস। শোনান কীভাবে শাহরুখ আম আদমি থেকে বিশ্বের অন্যতম ধনী তারকায় পরিণত হয়েছেন। শাহরুখের জীবনের গল্প সাধারণ মানুষের জন্য অনুপ্রেরণাদায়ী এবং এটাও শাহরুখের ভক্তদের আকৃষ্ট করে।
এ সময় শাহরুখের স্বভাবসুলভ হাস্যরস করা এবং তার রসবোধের প্রশংসা করেন বীর দাস। আমাদের স্থানীয় অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোর জন্য আমি কৌতুক লিখি। অনেকগুলোয় শাহরুখ হোস্ট ছিলেন। আপনি যদি কখনো তার বাসায় গিয়ে তাকে কৌতুক শোনান, তিনি এমন ভাব করবেন যেন কিছুই শুনছেন না। কিন্তু একটু পরেই তিনি আপনার কৌতুক নিজের মতো করে পারফর্ম করবেন এবং সেটা আপনার চেয়ে ভালো হবে। এদিকে গত মাসে যুক্তরাষ্ট্রের এক অনুষ্ঠানে ভারতীয় সমাজের বিভিন্ন অসংগতির কথা বলে তোপের মুখে পড়েন বীর দাস। তার বিরুদ্ধে মামলা হয়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস










