আরজে হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন রেহান রাসুল। এরপর ২০১৮ সালে ‘বাজে স্বভাব’ গান দিয়ে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছিলেন। ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’ এর গান ‘রূপকথার জগতে’ রেহান রাসুলের পরিচিতি আরো বাড়িয়ে দিয়েছিল। সর্বশেষ ‘প্রিয়তমা’ সিনেমার ‘গভীরে’ গানটি দিয়েও পেয়েছেন প্রশংসা। এরপর প্রশ্ন আসে কবে আসবে রেহান রাসুলের নতুন গান। এবার সে খবর জানালেন এ গায়ক। নাটক-সিনেমার বাইরে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের জন্যও গান করছেন তিনি। এরই মধ্যে এনআই বুলবুলের কথায় দুটি গানে তিনি কণ্ঠ দিয়েছেন। 

গান দুটি হলো রোহান রাজের সুর-সংগীতে ‘উড়ি চল’ ও রেজওয়ান শেখের সুর-সংগীতে ‘কিছু গল্প’। দুটি গানেই আরো কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী কর্ণিয়া। গান দুটি প্রসঙ্গে এনআই বুলবুল বলেন, ‘আমি রোমান্টিক আবহে গানের কথা সাজিয়েছি। তবে এর মধ্যেও ভিন্নতা রাখার চেষ্টা করেছি। একটির সঙ্গে অন্যটির মিল নেই। দুই শিল্পী দারুণ গেয়েছেন। গানগুলো প্রকাশের পর দর্শকের ভালোবাসা বলে দেবে রেহান ও কর্ণিয়া কেমন গেয়েছে।’

রেহান রাসুল বলেন, ‘গান গাইতে সবসময় ভালো লাগে। নতুন বছর সামনে রেখে আসছে নতুন গান। ‌দুই গান দুই রকম রোমান্টিক কথায়। কর্ণিয়ার সঙ্গে পরপর দুটি ডুয়েট গান হলো। আশা করছি শ্রোতারা আমাদের কণ্ঠে গান দুটি শুনে নিরাশ হবে না। শ্রোতাদের ভালোবাসা শুরু থেকেই পাচ্ছি, এ গান দুটোর জন্য দর্শকের ভালোবাসা পাব বলে আশা রাখি।’ রেহান রাসুল জানান গানগুলো প্রকাশ হবে ফ্যামিলি মিউজিকের ইউটিউব চ্যানেল ও আরটিভি মিউজিক চ্যানেলে।