চলতি বছরের আলোচিত সিনেমা ছিল শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। নাটক প্রযোজনার সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্ত থাকলেও এটি তার প্রথম সিনেমা। প্রথম প্রযোজিত সিনেমায় সাফল্য নিয়ে নিজের আবেগের কথা জানান আরশাদ আদনান। প্রিয়তমার সফলতা প্রসঙ্গে আরশাদ আদনান বলেন, ‘সব দর্শকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি। একটি সিনেমার গল্প, নির্মাণশৈলী, শিল্পীদের অভিনয়, গল্প অনুযায়ী গান-সর্বোপরি একটি পরিপূর্ণ সিনেমা নির্মিত হলে তা যে দর্শক দেখতে আগ্রহ প্রকাশ করেন প্রিয়তমাই তার প্রমাণ।’
দেশের চলচ্চিত্রে আরো সমৃদ্ধ করা প্রসঙ্গে আরশাদ আদনান বলেন, ‘আমি মনে-প্রাণে একজন সংস্কৃতিপ্রেমী। এ দেশের সিনেমা শিল্পকে নিয়ে আমার ভাবনা। আমি সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশের চলচ্চিত্রের সার্বিক পরিস্থিতির আরো উন্নত করতে চাই। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমার বড় বাজার সৃষ্টি করতে চাই। বাংলা চলচ্চিত্রের দৃশ্যপট বদলাতে আরো ভূমিকা রাখতে চাই একজন নিবেদিত প্রযোজক হিসেবে।’










