বাংলা ওয়েব কনটেন্টের ক্ষেত্রে হইচই নতুন নতুন কাজ নিয়ে আসে। ভারতের ওটিটি প্লাটফর্মটি বাংলাদেশেও জনপ্রিয়। এমনকি এর মধ্যে বাংলাদেশী কনটেন্ট নিয়েও কাজ শুরু করেছে এটি। গল্প, অভিনয় ও নির্মাণের গুণে বাংলাদেশের পাশাপাশি ভারতেও জনপ্রিয় হয়েছে এ প্লাটফর্মে আসা বাংলাদেশী কনটেন্টগুলো। কাইজার, কারাগার, মহানগর, সাবরিনার কথা বলাই বাহুল্য। দর্শকরা এ সিরিজগুলোর পরের পর্ব বা সিজন দেখার অপেক্ষায়। সে অপেক্ষার অবসার ঘটানোর ইঙ্গিত দিল হইচই। গতকাল তাদের সিজন সিক্সের ঘোষণা এসেছে। সেখানে দেখা যায়, হইচই সিজন সিক্সের অংশ হিসেবে থাকছে কাইজারের দ্বিতীয় লেভেল টু, কারাগারের দ্বিতীয় পর্ব ও মহানগরের অন্তিম পর্ব।

হইচইয়ের সাম্প্রতিক সিরিজগুলোর মধ্যে সৈয়দ আহমেদ শাওকির কারাগার নিয়ে সবাই আগ্রহী। প্রথম পর্বে তৈরি করা গল্পটির পরের অংশের জন্য মুখিয়ে আছেন দর্শকরা। সাধারণত এ ধরনের ‘ক্লিফ হ্যাংগারে’ রেখে সিরিজ শেষ হলে দর্শকের আগ্রহ বাড়ে বৈ কমে না। আহমেদ শাওকি বণিক বার্তাকে জানিয়েছিলেন, প্রথম পর্ব প্রচারের আগেই দ্বিতীয় পর্বের শুটিং শেষ হয়েছে। ফলে দর্শকের বেশিদিন অপেক্ষা করতে হবে না। সেটা হচ্ছেও না, তা হইচইয়ের ঘোষণায় স্পষ্ট। কারাগারের দ্বিতীয় পর্ব সম্ভবত আগামী ডিসেম্বরেই আসছে।

ফিরছেন ওসি হারুনও। মহানগর সিরিজের এটি হতে যাচ্ছে অন্তিম পর্ব। অর্থাৎ ওসি হারুন ও তার গল্পটা শেষ করবেন আশফাক নিপুণ। মহানগর যে আশা ও আগ্রহ তৈরি করেছে তা এবারো ধরে রাখবেন আশফাক নিপুণ, সবাই তাই আশা করছে। হইচইয়ের এ সিজনে সম্ভবত সাবরিনা ফিরছে না। তবে কাইজার হয়ে ফিরবেন আফরান নিশো। খুনের দায়ে ডিবি অফিসার কাইজার। তাকে দ্বিতীয় লেভেলে প্রথমের চেয়ে বেশিই প্রতিকূলতা মোকাবেলা করতে হবে।

চমক দিচ্ছেন অমিতাভ রেজা চৌধুরী। হইচইয়ের সিজন সিক্সে আসবে তার নির্মাণ বোধ। সিরিজটি নিয়ে এখনো বিস্তারিত জানা যায়নি, তবে এর আগে তিনি হইচইয়ে মুক্তি দিয়েছিলেন তার সিরিজ ঢাকা মেট্রো। অমিতাভ রেজা চৌধুরীর সিরিজটি নিয়েও দর্শকরা জল্পনাকল্পনা করছেন। এর বাইরে কল্লোল লাহিড়ীর উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’ থেকেও নির্মিত হচ্ছে সিরিজ। বইটির পাঠকপ্রিয়তার কারণে এ সিরিজ নিয়ে বাংলাদেশের দর্শকের আগ্রহ দেখা যাচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যায় হইচই তাদের সিজন সিক্সের গ্র্যান্ড লঞ্চ করে। মূল অনুষ্ঠানে বাংলাদেশের তারকা ও নির্মাতারাও অংশগ্রহণ করেছেন।