কিংবদন্তি চলচ্চিত্রকার, প্রযোজক, গল্পকার, অভিনেতা, গীতিকার ও সাহিত্যিক আমজাদ হোসেন। গুণী এ নির্মাতার দুই ছেলে সাজ্জাদ হোসেন দোদুল ও সোহেল আরমান সংস্কৃতি অঙ্গনের সঙ্গে যুক্ত আছেন। দুজনই পরিচালনায় সমানতালে ব্যস্ত। পাশাপাশি কালেভদ্রে দেখা মেলে অভিনয়ে। আর এবার একসঙ্গে অভিনয়ে দেখা যাবে দোদুল ও সোহেলকে। 

দীর্ঘ ১৫ বছরের বিরতি শেষে ২০২২ সালে ‘মুসা’ ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয়ে ফেরেন নির্মাতা, লেখক ও অভিনেতা সাজ্জাদ হোসেন দোদুল। এরপর আর তাকে অভিনয়ে দেখা যায়নি। অন্যদিকে প্রায় তিন দশক ধরে শোবিজে কাজ করছেন সোহেল আরমান। একাধারে তিনি একজন নাট্যকার, অভিনেতা, গীতিকার ও পরিচালক। তবে দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে অভিনয়ে নেই তিনি। অবশেষে পর্দায় ফিরছেন এ অভিনেতা। প্রথমবারের মতো একসঙ্গে দোদুল-আরমান দুই ভাই অভিনয় করছেন। বৈশাখী টিভির জন্য নির্মিতব্য ধারাবাহিকটির নাম ‘বোকা প্রেম’। কমেডি ঘরানার নাটকটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা করছেন সাজ্জাদ হোসেন দোদুল। 

দুই ভাইয়ের একসঙ্গে অভিনয় প্রসঙ্গে সাজ্জাদ হোসেন দোদুল বলেন, ‘সোহেল আরমান ভালো একজন অভিনেতা। দীর্ঘদিন ধরেই পরিচালনা করছে। ওর মধ্যে অভিনয়ের প্রতিভা আছে। কিন্তু সেটা বিফলে যাচ্ছে। এভাবে প্রতিভা শেষ হয়ে যাবে, সেটা তো মেনে নেয়া যায় না। বড় ভাই হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে। আমি ওকে অভিনয়ে নিয়মিত হওয়ার জন্য আগ্রহী করছি। তাছাড়া অনেকদিন ধরেই ইচ্ছে দুই ভাই একসঙ্গে কাজ করব।’

ধারাবাহিকটি প্রসঙ্গে দোদুল বলেন, ‘এখানে প্রতিটি চরিত্র কমেডি ঘরানার। খুব সাধারণভাবে কমেডি তুলে ধরা হবে। তবে কমেডি হলেও গল্পে বার্তা আছে। প্রতিটি জায়গায় বার্তা থাকবে। এখন সিরিয়াস গল্প সেভাবে মানুষের কাছে পৌঁছায় না। মানুষের কাছে পৌঁছানোর জন্যই কমেডি গল্প বেছে নেয়া। দর্শকরা অবসর সময় বিনোদন চায়। তাদের জন্যই বোকা প্রেম। আশা করছি, আমার নতুন ধারাবাহিকটি প্রচারে এলে সবার পছন্দ হবে।’

সোহেল আরমান বলেন, ‘আমার শ্রদ্ধাভাজন ও ভালোবাসার বড় ভাই অনেক দিন ধরেই অভিনয়ে ফেরার কথা বলছিল। একসময় প্রচুর অভিনয় করতাম। কাজের চাপে দীর্ঘ সময় ধরে অভিনয়ে নেই। মাঝে লম্বা একটা গ্যাপ। তবে এখনো আমাকে অভিনেতা হিসেবে ভক্তরা দেখতে চায়। তাদের থেকে একটা চাপ অনুভব করছি। ভাইয়াও প্রবল চাপ দিচ্ছেন। সে ফেরার জন্য অনেক বোঝাল। তার মাঝে বাবার প্রতিচ্ছবি খুঁজে পাই।’ 

বোকা প্রেম ধারাবাহিকে আরো অভিনয় করছেন আখম হাসান, ফারজানা ছবি, শামীমা নাজনীন, আবু হুরায়রা তানভীর, সাব্বির আহমেদ, এলেন শুভ্র, ইমতু রাতিশ, ইমু শিকদার, লাবণ্য লিজা, সিয়াম মৃধা প্রমুখ।