জনপ্রিয় চিত্রনায়ক শরিফুল রাজ অভিনীত সিনেমা ‘ওমর’ এখন আন্তর্জাতিক ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে পাওয়া যাচ্ছে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সিনেমাটি থ্রিলার, টুইস্ট ও কমেডিতে ভরপুর। আন্তর্জাতিক দর্শকদের সুবিধার্থে এতে ইংরেজি সাবটাইটেলও সংযুক্ত রয়েছে।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ষষ্ঠ চলচ্চিত্র ওমর বড় পর্দায় মুক্তি পায় ২০২৪ সালের ঈদুল ফিতরে (২৬ এপ্রিল)। গল্পের শুরুতেই ঘটে প্রতাপশালী বড় মির্জার ছেলের হত্যাকাণ্ড। ঘটনাস্থলে থাকা ওমর (শরিফুল রাজ) ও বদি (নাসির উদ্দিন খান) একে অন্যকে দায়ী করতে থাকে। বড় মির্জা যদি সত্যটি জানতে পারেন, তাহলে তাদের আর রক্ষা নেই। তাই তারা লাশ লুকানোর পরিকল্পনা করে। গল্প এগোয় টানটান উত্তেজনার সঙ্গে, শেষ পর্যন্ত তাদের পরিণতি কী হবে, সেটিই সিনেমার মূল আকর্ষণ।

অন্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর, নাফিস আহমেদ, রোজি সিদ্দিকী, তানজিলা হক মাইশা ও আইমন সিমলা। একটি গানে নেচেছেন ভারতীয় নায়িকা দর্শনা বণিক।

ওমর নামটি দিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রয়াত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদ এবং চিত্রনায়ক মান্নাকে উৎসর্গ করা হয়েছে সিনেমাটি। মাস্টার কমিউনিকেশন্সের ব্যানারে প্রযোজনা করেছেন খোরশেদ আলম, চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ, চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ এবং শিল্প নির্দেশনায় ছিলেন সামুরাই মারুফ।