বিশ্বের বিখ্যাত লাইটার ব্র্যান্ড জিপ্পো। বাংলাদেশের ব্যান্ড ওয়ারফেজের অ্যালবাম থেকে অনুপ্রেরণা নিয়েছে তারা। ওয়ারফেজের দুটি অ্যালবামের সঙ্গে মিলিয়ে লাইটার বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। গত সোমবার ব্যান্ডটির সঙ্গে জিপ্পো লাইটারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
ওয়ারফেজের ব্যান্ডনেতা শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘দক্ষিণ এশিয়ার প্রথম অফিসিয়াল জিপ্পো লঞ্চ হলো ওয়ারফেজকে কেন্দ্র করে। ওয়ারফেজের সংগীত সবসময় প্রজন্মের অনুভূতির সঙ্গে যুক্ত রেখে আমরা করে এসেছি। জিপ্পোর মতো একটি আইকনিক ব্র্যান্ডের সঙ্গে এই সম্পৃক্ততা আমাদের জন্য অত্যন্ত সম্মানের।’
দুটি লাইটারের একটি ‘ওয়ারফেজ’ অ্যালবামকে উপস্থাপন করে। অ্যালবামটি ১৯৯১ সালে প্রকাশ হয়, লাইটারটির মূল্য ৬ হাজার ৫০০ টাকা। আরেকটি লাইটার ২০০৯ সালে প্রকাশিত ‘পথচলা’ অ্যালবাম অনুপ্রাণিত, মূল্য ৫ হাজার ৫০০ টাকা।
লাইটার ব্র্যান্ড জিপ্পোর ইতিহাস প্রায় শত বছরের। সংগীতশিল্পী থেকে কালজয়ী ব্যান্ড, অভিনেতাদের জন্য বিশেষ ‘জিপ্পো’ বানিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা বেড়েছে ব্র্যান্ডটির। এর মধ্যে রকস্টার এলভিস প্রিসলি, এরিক ক্ল্যাপটন, বব মার্লে, জনি ক্যাশ, জেরি গার্সিয়া এবং ব্যান্ড দল বন জোভি, মেটালিকা, আয়রন মেইডেন, গানস এন রোজেস, এসি/ডিসির বিভিন্ন ডিজাইনের বিশেষ জিপ্পো রয়েছে।










