ফের পর্দায় ফিরলেন আলিয়া ভাট। তবে এবার ডার্ক কমেডি থ্রিলার ফিল্ম ‘ডার্লিংস’ নিয়ে আলোচনায় এ অভিনেত্রী। ৫ আগস্ট নেটফ্লিক্সে আসছে ওয়েব ফিল্মটি। সোমবার প্রকাশিত হয়েছে ডার্লিংসের ট্রেলার, যা প্রশংসা পাচ্ছে দর্শকমহলে। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ভাট ও বিজয় ভার্মা। যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছেন শাহরুখ খান ও আলিয়া ভাট। প্রযোজক হিসেবে এটাই আলিয়ার প্রথম পদক্ষেপ।

আলিয়া তার ওয়েব ফিল্মের ট্রেলার প্রকাশের সময় ডার্লিংসে শাহরুখ খানের সঙ্গে কাজ করার বিষয়টি নিয়ে কথা বলেন। আলিয়া বলেন, ‘সিনেমাটির গল্প শুনেই এতে কাজ করতে রাজি হয়ে যাই। এটার গল্পটা এতটাই ভালো লেগেছে যে আমি কিছু না ভেবেই প্রযোজনা করার সিদ্ধান্ত নিয়ে নিই।’ এরপর আমাকে শাহরুখ খান ফোনে বলেন, ‘আমি সাধারণত সহপ্রযোজনা করি না, তবে তোমার সঙ্গে কাজটা করব। তোমার সঙ্গে আমার সুন্দর স্মৃতি রয়েছে, এজন্যই আমি কাজটা করছি। তুমি কিছু ভেবো না আমরা সেটে অনেক মজা করব।’

এ নিয়ে আলিয়া আরো বলেন, ‘ডার্লিংস দেখার পর শাহরুখ আমাকে ধন্যবাদ দিয়েছেন এ সিনেমায় কাজ করার জন্য। সিনেমাটির অনেক প্রশংসা করেছিলেন তিনি। আমরা আশা করছি অসাধারণ কিছু হতে যাচ্ছে।’ ২০১৫ সালে ডিয়ার জিন্দেগি সিনেমায় প্রথমবার পর্দায় দেখা গিয়েছিল শাহরুখ খান ও আলিয়া ভাটকে। এ সিনেমায় মনোবিজ্ঞানীর ভূমিকায় দেখা গিয়েছিল শাহরুখকে। সে সময় থেকেই এ দুই তারকার মাঝে সুন্দর সম্পর্ক গড়ে ওঠে।

মা ও মেয়ের গল্প নিয়েই ডার্লিংস। শেফালি শাহকে দেখা যাবে আলিয়ার মায়ের ভূমিকায়। রোশন ম্যাথিউর মতো তারকাও রয়েছেন এতে। সিনেমাটি পরিচালনা করেছেন জসমিত কে রিন। পরিচালক হিসেবে এটিই তার প্রথম সিনেমা। ডার্লিংস নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহ দীর্ঘদিনের। গত বছর যখন জানা যায় শাহরুখ খানের সঙ্গে যৌথ প্রযোজনায় থাকছে আলিয়া ভাট। সে সময় থেকেই এ ওয়েব ফিল্ম নিয়ে শুরু হয় নানা জল্পনাকল্পনা। ডার্লিংসের জন্য গান লিখেছেন গুলজার আর সুর করেছেন বিশাল ভরদ্বাজ। তাই এর গান নিয়েও ভক্তদের আগ্রহ তুঙ্গে।

এ বছরের মার্চে মুক্তি পায় আলিয়ার ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। সিনেমাটি বক্স অফিসে সাড়া ফেলেছিল এবং অভিনয় দিয়ে সবার নজর কেড়েছেন এ অভিনেত্রী। নভেম্বরে মুক্তি পাবে আলিয়া অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’। এতে তার বিপরীতে থাকছেন রণবীর কাপুর। এছাড়া ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাতেও দেখা যাবে আলিয়া ভাটকে।

 

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস