টপ গানের জয়যাত্রা এগিয়ে যাচ্ছে। সিনেমাটি ১০০ কোটি ডলার আয় ছাড়িয়েছে অনেক আগেই। মহামারী-পরবর্তী সময়ে এটি বেশ বড় একটা অর্জন। মুক্তির পর এখনো সিনেমাটি আয় করে যাচ্ছে এবং বৈশ্বিক মোট আয়ের পরিমাণ প্রায় ১২০ কোটি ডলার। ভ্যারাইটির তথ্য অনুসারে এ সিনেমার টিকিট বিক্রি থেকে ক্রুজের আয় হবে ১০ কোটি ডলার।
টম ক্রুজ যেখানে ১০ কোটি ডলার আয় করছেন সেখানে লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে ৩ কোটি ডলারের চুক্তি করেছে অ্যাপল। মার্টিন স্করসেজির সঙ্গে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’
সিনেমার জন্য তাকে এ পারিশ্রমিক দেয়া হচ্ছে। সিনেমাটি হতে যাচ্ছে হিস্টোরিক্যাল ড্রামা। জোসেফ কোসিনস্কির সঙ্গে ফর্মুলা ওয়ানভিত্তিক একটি সিনেমার জন্য ব্র্যাড পিটকেও সমপরিমাণ অর্থ দেয়ার কথা বলা হয়েছে। একটি সিনেমার জন্য উইল স্মিথকে দেয়া হচ্ছে সাড়ে ৩ কোটি ডলার। এম্যানসিপেশন নামের সিনেমাটিতে একজন পলাতক দাসের গল্প বলা হবে।
এছাড়া ডোয়েইন জনসন, উইল ফেরেল, ক্রিস হেমসওয়ার্থ, ভিন ডিজেল ও টম হার্ডি প্রত্যেকেই তাদের পরবর্তী সিনেমার জন্য ২ কোটি ডলার পারিশ্রমিক নিচ্ছেন। এর মধ্যে ডোয়েইন জনসনের আসন্ন সিনেমা ব্ল্যাক অ্যাডাম, উইল ফেরেলের স্পিরিটেড। হেমসওয়ার্থ আসবেন এক্সট্র্যাকশনের সিকুয়েল নিয়ে। ভিন ডিজেলের সিনেমা ফাস্ট এক্স এবং হার্ডি ফিরছেন ভেনমের দ্বিতীয় সিকুয়েল নিয়ে।
জোকার মুক্তি পাওয়ার পর হোয়াকিম ফিনিক্সের দর বেড়েছে। জোকারের জন্য তার পারিশ্রমিক ছিল ৪৫ লাখ ডলার। কিন্তু এর সিকুয়েলের জন্য পারিশ্রমিক নিচ্ছেন ২ কোটি ডলার। অ্যাকুয়াম্যানের জন্য জেসন মোমোয়া পাচ্ছেন দেড় কোটি ডলার। রায়ান গসলিং আসন্ন বারবি সিনেমার জন্য পাচ্ছেন ১ কোটি ২৫ লাখ ডলার। নারীরাও পিছিয়ে নেই। কারণ রায়ানের সহঅভিনেত্রী মারগট রবিও সমান পারিশ্রমিক পাচ্ছেন। এনোলা হোমসের সিকুয়েলের জন্য ১ কোটি ডলার পারিশ্রমিক নিয়ে মিলি ববি ব্রাউন সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া কনিষ্ঠ অভিনেত্রী হচ্ছেন। এদিকে ওপেনহাইমারের জন্য রবার্ট ডাউনি জুনিয়র পাচ্ছেন ৪০ লাখ ডলার।
সূত্র: বলিউড হাঙ্গামা










