একুশে টেলিভিশনে গতকাল শুরু হয়েছে বাংলায় ডাবিংকৃত চীনা ড্রামা সিরিজ ‘মূ’-এর সম্প্রচার। ১০০ পর্বের এ সিরিজে চীনা মিং সাম্রাজ্যের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ষড়যন্ত্র, ঘৃণা ও ভালোবাসার ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে। চীনের ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি করা ড্রামা সিরিজটি পরিচালনা করেছেন রিংগো ইয়ু। ওয়াং জুয়ানের চিত্রনাট্যের সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় ও রাত সাড়ে ১০টায় ড্রামা সিরিয়ালটি একুশে টেলিভিশনে প্রচারিত হবে।
২০১২ সালে সিরিজিটি প্রথম চীনের সরকারি স্টেশন সিসিটিভিতে ‘টার্বুলেন্স অব দ্য মূ ক্লেন’
নামে প্রচারিত হয়। ‘মূ’ ড্রামা সিরিজটি মূলত চীনের মিং সাম্রাজ্যের রাজপরিবারের দ্বন্দ্ব ও ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত। সিরিজের কাহিনী চিত্রে দেখা যায় রাজপরিবারের সদস্যরা ক্ষমতার লোভে নিজেদের মধ্যে সর্বদা যুদ্ধ-বিগ্রহে লিপ্ত থাকত। সাধারণ পরিবার থেকে আসা আলেকু পাঁচ বছর বয়সে হূদয়ে প্রতিশোধের আগুন নিয়ে ‘মূ’ পরিবারকে ধ্বংস করার লক্ষ্যে রাজপরিচারিকা হিসেবে প্রাসাদে প্রবেশ করে। দীর্ঘ ২০ বছর ‘মূ’ পরিবারের সঙ্গে অতিবাহিত করেও তার প্রতিশোধের আগুন নেভেনি।
উল্লেখ্য, মিং সাম্রাজ্য ১৩৬৮ থেকে ১৬৪৪ সাল পর্যন্ত প্রায় ৩০০ বছর চীন শাসন করে।










