আজকের এই দিনে পরপারে পাড়ি জমান বাংলাদেশের
চলচ্চিত্র জগতের কিংবদন্তি নায়করাজ আব্দুর রাজ্জাক। তার জন্ম কলকাতায়। তবে তিনি ১৯৬৪ সালে শরণার্থী হয়ে ঢাকায় আসেন। এরপর বাংলা চলচ্চিত্রে যুক্ত হন। খ্যাতিমান পরিচালক জহির রায়হানের ‘বেহুলা’
চলচ্চিত্রে নায়ক হিসেবে প্রথম অভিনয় করেন রাজ্জাক। ‘বেহুলা’
মুক্তি পায় ১৯৬৭ সালে। সেই থেকে শুরু করে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ষাটের দশক থেকে প্রায় তিন দশক বাংলাদেশের চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেন এ শক্তিমান অভিনেতা। ২০১৬ সালে ৭৫তম জন্মবার্ষিকীতে বিবিসিকে দেয়া সাক্ষাত্কারে রাজ্জাক বলেছিলেন, ‘আমি আমার জীবনের অতীত ভুলি না। আমি ঢাকায় রিফিউজি হয়ে এসেছিলাম। স্ট্রাগল করেছি। না খেয়ে থেকেছি। যার জন্য পয়সার প্রতি আমার লোভ কোনোদিন আসেনি। ওটা আসেনি বলেই আজকে আমি এতদূর শান্তিতে এসেছি।’
তার মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে বিশেষ আয়োজন রাখা হয় প্রতি বছরই। এবারো এর ব্যতিক্রম হয়নি। নায়ক রাজ্জাকের ছোট ছেলে খালিদ হোসেন সম্রাট বলেন, ‘আব্বার মৃত্যুবার্ষিকীতে যথারীতি ফজরের নামাজ পড়ে আমি কবরের কাছে যাই, দোয়াদরুদ পড়ি। গুলশান আজাদ মসজিদেও এতিমখানার শিশুদের খাওয়া-দাওয়া করানো হয়ে থাকে। আবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্বার নামে একটি মাদ্রাসা পরিচালিত হয়। সেখানেও মিলাদ মাহফিল এবং খাওয়া-দাওয়ার ব্যবস্থা করানো হয়।’
শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন জানান, ‘আজ বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।’
এ প্রজন্মের অনেকেই নায়ক রাজ্জাকের সঙ্গে অভিনয় করেছেন। বর্তমান প্রজন্মের তারকাদের কাছে আব্দুর রাজ্জাক ছিলেন অনুপ্রেরণা। তাই আজকের এ দিনে তাকে স্মরণ করেছেন তারা।
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস বলেন, ‘আমার সৌভাগ্য যে শ্রদ্ধেয় এফ আই মানিকের পরিচালনায় নায়িকা হিসেবে আমার প্রথম সিনেমা “কোটি টাকার কাবিন”। এ সিনেমায় আমি রাজ্জাক আঙ্কেলকে পেয়েছিলাম। পরবর্তী সময়ে সম্রাটকে নিয়ে যখন তিনি “আমি বাঁচতে চাই”
সিনেমাটি নির্মাণ করলেন, আমি নায়িকা হলাম, তখনই আসলে তাকে খুব কাছ থেকে দেখা। তার প্রয়াণ দিবসে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’
পর্দার জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব। তিনি বলেন, ‘আমি সেভাবে আসলে সিনেমার শিল্পী নই। তবে সিনেমায় অভিনয় করেছি। আমার প্রথম সিনেমা ছিল “গ্যাংস্টার রিটার্নস”। সিনেমাটি মুক্তির আগে আমি আর জান্নাতুল ফেরদৌস পিয়া তার দোয়া নিতে তারই বাসায় গিয়েছিলাম। তার সঙ্গে কাটানো সেই সময়টা এখনো স্মৃতিতে উজ্জ্বল। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।’
দেশের আরেক জনপ্রিয় তারকা আজমেরী হক বাঁধন জানান, ‘রাজ্জাক আঙ্কেলের নির্দেশনায় আমার সিনেমা করার কথা ছিল, তবে সেটা হয়নি। “দায়ভার”
নাটকে তার নির্দেশনায় অভিনয় করতে পেরেছি, এটা অনেক বড় প্রাপ্তি। একজন এত বড় নায়ক হয়েও ডাউন টু আর্থ ছিলেন তিনি। দোয়া করি আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।’
নায়করাজকে নিয়ে বলতে গিয়ে এ সময়ের দর্শকনন্দিত নায়িকা বিদ্যা সিনহা মিম বলেন, ‘আমার সৌভাগ্য হয়েছিল নায়করাজ রাজ্জাক আঙ্কেলের নির্দেশনায় একটি মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের নাটক “আমি যুদ্ধে যাবো”তে অভিনয় করার। আমার অভিনয় জীবনের বড় প্রাপ্তি তার নির্দেশনায় কাজ করতে পারা। প্রার্থনা করি পরপারে যেন তিনি ভালো থাকেন।’
পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, ‘খুব সম্ভবত ২০১২ সালের কথা। সেই সময়টাতেই আমি নায়করাজ রাজ্জাক আঙ্কেলের পরিচালনায় “চেনা হয়ে যায় অচেনা”
নাটকে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম। তার মতো এমন ব্যক্তিত্বের সঙ্গে কাজ করতে পারাটা ছিল আমার জন্য ভীষণ ভালো লাগার। তিনি আমাদের মাঝে নেই, তবুও তিনি আছেন তার কর্মে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।’
অভিনয়ের পাশাপাশি সিনেমা ও নাটক পরিচালনা করেছেন রাজ্জাক। দীর্ঘ ক্যারিয়ারে তিনি পেয়েছেন অসংখ্য পুরস্কার। যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ অভিনেতার জন্য পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া ২০১৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয় নায়করাজকে। বাংলাদেশের বাইরে ভারতের পশ্চিমবঙ্গেও জনপ্রিয় ছিলেন নায়ক রাজ্জাক। আজ তিনি না থাকলেও তার অভিনীত কাজের মধ্য দিয়ে আমাদের মাঝে তিনি রয়ে গিয়েছেন। নায়ক রাজ্জাক তার অভিনয় দিয়ে দর্শকের মধ্যে এমন এক অবস্থান তৈরি করেছেন যে প্রজন্মের পর প্রজন্ম তিনি টিকে থাকবেন।










