আমির খানের পর তার নামই বলতে হয়। আশি-নব্বইয়ের
দশক আসা কোনো বলিউড নায়ক ততটা বদলাননি যতটা বদলেছেন সাইফ আলী খান। কমফোর্ট জোনে থাকা
তার ধাঁতে নেই, তাই চিত্রনাট্যের খাতিরে নিজেকে বারবার ভেঙেছেন।
সাইফকে বেশ কয়েকটি সিনেমায় নেতিবাচক ভূমিকায়
দেখা গেছে। এর মধ্যে মুক্তি প্রতিক্ষীত দক্ষিণী সিনেমা ‘আদিপুরুষ’-এ লঙ্কারাজ রাবণের
চরিত্র করেছেন। পৌরাণিক ভিলেন সম্পর্কে সাইফের মন্তব্য ও সাম্প্রতিক টিজার মিলিয়ে বিতর্ক
কম হয়নি।
‘আদিপুরুষ’ ছবিতে রামের চরিত্রে আছেন প্রভাস।
এবার দক্ষিণের আরেক জনপ্রিয় তারকা এনটিআর জুনিয়রের সঙ্গে লড়বেন সাইফ।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ছবির নাম এখনো
ঠিক হয়নি। আপাতত ‘এনটিআর ৩০’ ডাকা হচ্ছে। দক্ষিণের হলেও এই সিনেমায় বড়সড় বলিউডযোগ রয়েছে।
শুধু ভিলেনই মুম্বাই থেকে বাছা হয়নি, নায়িকা হিসেবে থাকছেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর।
ক্যারিয়ারের শুরুর দিকে বেশির ভাগ ছবিই ছিল
রোমান্টিক-কমেডি ঘরানার। তবে পরে নিরীক্ষার দিকে মনোযোগ দেন সাইফ। ‘ওমকারা’ থেকে ‘বিক্রম
ভেদা’-এর মতো ছবিতে বৈচিত্র্যের পসরা সাজিয়ে বসেন তিনি। ওয়েবে ‘সেক্রেড গেমস’ থেকে
‘তাণ্ডব’; সাইফ ধরা দেন ভিন্ন ভিন্ন অবতারে।
নায়ক নয়, বরাবরই ভিন্ন মনস্তত্ত্বের চরিত্রের
প্রতি বেশি আকৃষ্ট তিনি— একাধিক সাক্ষাৎকারে এ কথা বলেছেন সাইফ।
নতুন এ ছবি নিয়ে শোনা যাচ্ছে, খলনায়কের চরিত্রের
জন্য প্রথমে বিজয় সেতুপতিকে পছন্দ করলেও পরে সাইফকেই চূড়ান্ত করা হয়। চলতি মাসের শেষ
দিকেই শুটিং শুরু হবে।










