দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন। অভিনয়ের পাশাপাশি নির্মাণেও জড়িত আছেন তিনি। তবে সিনেমায় ব্যস্ত সময় পার করছেন দেশের জনপ্রিয় তারকা আফজাল হোসেন। সম্প্রতি তিনি একটি সিনেমার শুটিং শেষ করেছেন। সিনেমার নাম ‘অপরাজেয়’। এতে তার বিপরীতে আছেন দেশের ছোট পর্দায় পরিচিত মুখ দীপা খন্দকার। ফরিদুর রেজা সাগরের ‘একা’ গল্প অবলম্বনে সিনেমাটির গল্প লিখেছেন, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ঘুড্ডি সিনেমাখ্যাত পরিচালক সৈয়দ সালাহউদ্দিন জাকী।
সিনেমাটি নিয়ে আফজাল হোসেন বলেন, ‘সৈয়দ সালাহউদ্দিন জাকী আমার অভিভাবকের মতো। দীর্ঘদিনের পথচলা মানুষটির সঙ্গে। তার একটি সিনেমা বা নাটকে থাকা মানে আমার জন্য অনেক আনন্দের।’
এ প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘এর আগে আফজাল ভাইয়ের নির্দেশনায় বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি, নাটক ও টেলিফিল্মে অভিনয়ও করেছি। এমন একজন গুণী নির্মাতার নির্দেশনায় কাজ করাটাও শিল্পী হিসেবে আমার জন্য পরম সৌভাগ্যের ও গর্বের বিষয় ছিল। সহশিল্পী হিসেবে তার সঙ্গে কাজ করতে পারাটা অনেক বড় প্রাপ্তির বিষয়।’
সিনেমাটি নিয়ে দীপা আরো বলেন, ‘অপরাজেয় সিনেমায় শ্রদ্ধেয় জাকী স্যারের নির্দেশনায় অভিনয়ের সুযোগ পেয়েছি। বলা যেতে পারে এটা আমার অভিনয় জীবনের অনেক বড় প্রাপ্তি। কারণ অভিনয় জীবনে সবসময় এমন সুযোগ আসে না। স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতাটা অন্যরকম। জাকী স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এমন একটি অসাধারণ কাজের সঙ্গে সম্পৃক্ত রাখার জন্য। আফজাল ভাই নির্মাতা হিসেবে যেমন অনন্য অসাধারণ। ঠিক তেমনি সহশিল্পী হিসেবেও ভীষণ সহযোগিতাপরায়ণ। আফজাল ভাইয়ের সঙ্গে সিনেমাটিতে কাজ করে আমার নিজের অভিনয়কেও আরো সমৃদ্ধ করারও চেষ্টা করেছি। আফজাল ভাইয়ের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা।’
অন্যদিকে কিছুদিন আগে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের যাপিত জীবন উপন্যাস অবলম্বনে সিনেমা নির্মাণ করেছেন হাবিবুল ইসলাম হাবিব। সিনেমাটিতে অভিনয় করেছেন আফজাল হোসেন। সম্প্রতি সিনেমার শুটিং শেষ করেছেন। দেশভাগ ও ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ঘিরে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সিনেমা ‘যাপিত জীবন’। এ সিনেমায় একসঙ্গে দেখা যাবে আফজাল হোসেন ও রোকেয়া প্রাচীকে। সিনেমাও পরিচালনা করেছেন আফজাল হোসেন। তার পরিচালিত প্রথম সিনেমা ‘মানিকের লাল কাঁকড়া’ মুক্তির অপেক্ষায় আছে। এতে অভিনয় করেছেন ফেরদৌস, সোহানা সাবাসহ আরো অনেকে। ওটিটি প্লাটফর্মেও সরব আফজাল হোসেন।










